ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

তাপপ্রবাহ

ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় মৃত্যু বেড়েছে ১ হাজার

ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় মৃত্যু বেড়েছে ১ হাজার
×

বোতলের ঠান্ডা পানি দিয়ে শরীর শীতল করার চেষ্টায় এক নারী। সম্প্রতি প্যারিসে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৩:২৩

ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, দেশটিতে স্বাভাবিক সময়ে প্রতি মাসে যে পরিমাণ মৃত্যুর হিসাব পাওয়া যায়, তা হঠাৎ করে বেড়ে গেছে। এর কারণ হিসেবে তাপপ্রবাহকে দায়ী করা হচ্ছে।

রোববার ফরাসি জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগের মাসগুলোতে নথিভুক্ত গড় মৃত্যুর সংখ্যার তুলনায় চলতি মাসে অতিরিক্ত ১ হাজার জন (এখনো চূড়ান্ত নয়) মানুষ মারা গেছে। মৃত্যুর এই অতিরিক্ত সংখ্যা ২৪ জুন থেকে রোববার পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। কিছু সূচকে দেখা গেছে, গত বছরের এমন সময়ের তুলনায় এবার মৃত্যুর হার অনেক বেশি হতে পারে।

এদিকে পশ্চিম ইউরোপে রোববার তাপমাত্রায় কিছুটা স্বস্তি মেলার আশা থাকলেও জার্মানির আবহাওয়াবিদেরা সতর্কবার্তা দিয়েছেন। তাদের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষ নাগাদ আরও কয়েক দফায় রেকর্ড তাপমাত্রা দেখা যেতে পারে। একই সঙ্গে পূর্ব ইউরোপের দেশগুলোও আগামী কয়েকদিনের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি রেখেছে।

এএফপির বিশ্লেষণ অনুযায়ী, এই দীর্ঘস্থায়ী দাবদাহের কারণে শনিবার প্রায় ২০ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অনুভব করেছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ডে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙেছে।

প্যারিসের হাসপাতালগুলো থেকে প্রাপ্ত তথ্যে দেখে গেছে, গত শুক্র ও শনিবার জরুরি বিভাগে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে ৩৬ শতাংশ বেশি ছিল। অন্যদিকে অস্ট্রিয়ার সরকার জানিয়েছে, তাদের জরুরি সেবা বিভাগগুলোতে চাপ ১৫ শতাংশ বেড়েছে। আর স্পেনের প্রশাসন গত বৃহস্পতিবার জানায়, সম্ভবত দাবদাহের কারণে দেশটিতে চারদিনে ২১২ জন মারা গেছেন।

গরমের কারণে ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসে স্ট্রিট পার্টি ও সঙ্গীত উৎসবগুলো বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন

×