এক আঘাতে সবাইকে শেষ করা সম্ভব, খামেনির জানাজা ইঙ্গিত করে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
ইন্ডিয়া টুডে
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৪:২৩
প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা, শোকযাত্রা ও শেষ বিদায় উপলক্ষ্যে তেহরানে জনসম্মুখে আসছেন ইরানের শীর্ষ নেতারা। তাদের ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন চাইলে এক আঘাতেই তাদের নিশ্চিহ্ন করে দিতে পারে।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের সঙ্গে আলাপকালে স্থানীয় সময় শনিবার ট্রাম্প বলেন, খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে কিছু ইরানিকে কাঁদতে দেখে তিনি বেশ অবাক হয়েছেন। কারণ তাঁর ধারণা ছিল দেশটির মানুষ আলী খামেনিকে ঘৃণা করে। হতে পারে এগুলো নকল কান্না।
ট্রাম্পের এই মন্তব্যের জবাবে এক্সে একটি পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস। তারা লিখেছে, ‘আপনি এসব বিষয় বুঝবেন না। কারণ আপনাদের না আছে সভ্যতা, না আছে ইতিহাস, আর না আছে মর্যাদা।’
অ্যাক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘তারা সবাই সেখানে (এক জায়গায়) উপস্থিত আছে। মাত্র এক আঘাতে আমরা তাদের শেষ করে দিতে পারি। কিন্তু তা করব না। কারণ, এটা করা হলে আলোচনা করার মতো আর কেউ থাকবে না।’
এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা ইরানকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছি। ওরা এখন মিটমাট করার জন্য ছটফট করছে। ওরা খুব করে একটি সমাধান চাইছে। আমরা খুব দয়ালু বলেই তাদেরকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক সপ্তাহের সময় দিয়েছি।’
