ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

এবার দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন, পর্তুগালের বিভিন্ন অঞ্চল

এবার দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন, পর্তুগালের বিভিন্ন অঞ্চল
×

আগুন নেভাতে বিশেষ উড়োজাহাজ থেকে পানি ছিটানো হয়। রোববার ফ্রান্সের একটি পাহাড়ি এলাকায়। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২০:০৯ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ২০:১৪

ইউরোপে রোববার তাপমাত্রা আবারও বেড়েছে। গত দুই সপ্তাহে শহুরে জনজীবন বিপর্যস্ত হওয়ার পর এবার দাবানল দেখা দিয়েছে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের বনাঞ্চলগুলোতে। দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন।

গত কয়েকদিনের দাবানলে তিনটি দেশে ১৭ হাজার হেক্টরের (৪২ হাজার একর) বেশি বনভূমি ধ্বংস করেছে। রোববার এসব দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড হয়েছে।

জুন মাসে ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবদাহের সময় কয়েক হাজার মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করে স্থানীয় কর্তৃপক্ষ। সামনে আরও চরম ভাবাপন্ন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লঁরা নুনেস জানিয়েছেন, গ্রীষ্মকালীন দাবানলের মৌসুম এবার এক মাস আগেই শুরু হয়েছে।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কোস্টা ব্রাভা উপকূলের কাছে দাবানলে দুই দিনে ২ হাজার ২০০ হেক্টরের বেশি ভূমি পুড়ে গেছে। দমকলকর্মীরা জানিয়েছেন, রোববার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ আরও জটিল হয়ে গেছে। 

কাতালুনিয়া ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা লা বিসবাল ডি’এম্পোর্দা বনের আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার সারা রাত পরিশ্রম করেছেন। এরপর সেখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়।

ফ্রান্সের পার্পিনিয়া শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার পূর্বের একটি পাহাড়ি এলাকায় ১ হাজার হেক্টরের বেশি বনভূমিতে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ৬০০ দমকলকর্মীকে নিয়োজিত করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন

×