ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান
পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স
পাকিস্তান টুডে
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১০:২৭
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি (ইসলামাবাদ এমওইউ) থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-কে এ তথ্য নিশ্চিত করেন।
এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাব দেওয়া এবং হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরান তার সার্বভৌম অধিকার যে কোনো মূল্যে রক্ষা করবে। তার দাবি, বিষয়টি সরাসরি দেশটির জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে অন্য কোনো ইস্যুতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে না ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর টানা ৪০ দিনের সংঘাতের অবসানে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১৪ দফার ওই সমঝোতা চুক্তির অন্যতম শর্ত ছিল, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করবে ইরান। এর বিনিময়ে ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের।
তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই হামলা চালায়। এর জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ আরোপের নির্দেশ দেন। একই দিনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ঘোষণা দেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের হাতে। এ জলপথ দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা সেবার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ হারে টোল দেওয়ার প্রস্তাবও দেন তিনি। তবে পরদিনই সেই প্রস্তাব থেকে সরে আসেন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ইরান
- সমঝোতা চুক্তি