বিশ্বকাপ হাতছাড়া হলেও ফকল্যান্ডস আমাদের: ডাউনিং স্ট্রিট
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যানার প্রদর্শন করেন আর্জেন্টিনার ফুটবলাররা। বুধবার আটলান্টায়। ছবি: এএফপি
দ্য ইন্ডিপেনডেন্ট
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৯:১৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৯:১৮
আর্জেন্টিনার খেলোয়াড়দের বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফার কাছে তদন্তের দাবি করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, ‘বিশ্বকাপ (শিরোপা) হয়তো আমাদের হয়নি, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের।’
বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় মাঠে স্প্যানিশ ভাষায় ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। যেটির অর্থ- ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’। তখনই মূলত আন্তর্জাতিক ভূরাজনীতি কেন্দ্রিক বিতর্কের সূত্রপাত হয়।
এদিকে ফুটবল মাঠের লড়াইয়ের পর যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিপাক্ষিক উত্তেজনাও চরমে পৌঁছায়। ম্যাচ শেষের কয়েক ঘণ্টার মাথায় আর্জেন্টিনার জলসীমায় একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ তোলে আর্জেন্টিনা।
তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট দাবি করেছে, যুদ্ধজাহাজটির চলাচল সম্পূর্ণ আন্তর্জাতিক আইন মেনে হয়েছে। চিলিতে নিয়মিত ‘লজিস্টিক’ সফরের অংশ হিসেবে চলা ওই জাহাজের গতিবিধি সম্পর্কে আর্জেন্টিনার প্রশাসনকে আগেই জানানো হয়েছিল।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যানারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র বলেন, ‘বিশ্বকাপ আমাদের হাতছাড়া হতে পারে, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের।’
মুখপাত্র আরও বলেন, ‘আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার কেবল এই দ্বীপপুঞ্জের বাসিন্দাদের। ফকল্যান্ডসের জনগণের প্রতি সমর্থন অটল থাকবে।’
ব্যানার প্রসঙ্গে মুখপাত্র আরও বলেন, এ বিষয়ে যেকোনো ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ফিফার ওপর বর্তায়। রাজনীতিকে অবশ্যই ফুটবল খেলা থেকে দূরে রাখা উচিত বলে মনে করে ডাউনিং স্ট্রিট।
আরও পড়ুন: আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কেন বারুদের উত্তাপ ফিরে আসে
- বিষয় :
- দ্বীপ
- আর্জেন্টিনা
- ফুটবলার
- ইংল্যান্ড
- যুক্তরাজ্য
- ভূরাজনীতি