লোহিত সাগরে তেল পরিবহন বন্ধে হুতিদের প্রস্তুতি নিতে বলেছে ইরান
লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালি। গ্রাফিকস: এএফপি
রয়টার্স
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২০:৪৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ২০:৫১
যুক্তরাষ্ট্র যদি বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধের জন্য হুতিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে।
এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য নতুন হুমকি তৈরি করতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুটি সূত্র জানিয়েছে, লোহিত সাগরে সম্ভাব্য অবরোধের বিষয়টি নিয়ে নেতাদের মধ্যে আলোচনা ও সেই বার্তা হুতিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বার্তাটি কীভাবে হুতিদের কাছে পাঠানো হয়েছে, সূত্রগুলো সেটির ব্যাখ্যা দেয়নি। তারা জানায়, তেহরানের অনুরোধ সম্পর্কে হুতিরা সম্প্রতি জানতে পেরেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুতিদের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পায়নি।
হুতিদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরের কাছে একটি পার্বত্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। এখন চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে।
ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা বাব এল-মান্দেব বন্ধ হলে দ্বিগুণ হবে। হুতিদের ঘনিষ্ঠ সূত্রটি আরও জানায়, ইয়েমেনে অবস্থানরত আইআরজিসির প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিয়ন্ত্রণ করবেন।
- বিষয় :
- লোহিত সাগর
- তেল
- পরিবহন
- হুতি বিদ্রোহী
- ইয়েমেন
- ইরান