ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সোনম ওয়াংচুকের অনশন ২০তম দিনে, জীবন সংকটাপন্ন

সোনম ওয়াংচুকের অনশন ২০তম দিনে, জীবন সংকটাপন্ন
×

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক। বৃহস্পতিবার নয়াদিল্লিতে। ছবি: এএফপি

হিন্দুস্থান টাইমস

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৫:১৮

ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন শুক্রবার ২০তম দিনে গড়িয়েছে। স্নাতক স্তরে মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে তিনি এই অনশন করছেন। 

চিকিৎসকেরা সতর্ক করে জানিয়েছেন, সোনমের স্বাস্থ্য আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। অনশন অব্যাহত রাখলে শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। গত ২৮ জুন অনশন শুরু করেন ওয়াংচুক। চিকিৎসক সতীশ লাম্বার বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ২০ দিনে ওয়াংচুকের ৯ কেজিরও বেশি ওজন কমেছে। 

সতীশ লাম্বা বলেন, গ্লুকোজের মজুত শেষ হওয়ার পর শরীর চর্বি পোড়াতে শুরু করে। এরপর পেশি ক্ষয় হতে থাকে। ওয়াংচুকের শরীরে বর্তমানে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি। যা নির্দেশ করে পেশি ক্ষয় হচ্ছে। অনশন অব্যাহত রাখলে অঙ্গ (অর্গান) ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি সত্যিই উদ্বেগের কারণ।

শারীরিক অবস্থা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেও ওয়াংচুক অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন। তিনি বলেছেন, সরকারের কাছে থেকে সাড়া পাওয়ার আগে অনশন ভাঙলে তা ভুল বার্তা দেবে। এর পরিবর্তে সবার উচিত পার্লামেন্ট অভিমুখী পদযাত্রা কর্মসূচিকে জোরদার করা। আগামী ২০ জুলাই কর্মসূচিটির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বৃহস্পতিবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সমাজবাদী পার্টির এমপি ডিম্পল যাদবসহ বিরোধী দলীয় নেতারা অনশনস্থল যন্তর মন্তরে যান। সেখানে তাঁরা ওয়াংচুক এবং তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ওয়াংচুকের নাম প্রস্তাব করেছেন। আন্দোলনকারীদের দাবি মেনে নিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘তরুণ সমাজ, এই আন্দোলন ও সোনম ওয়াংচুকের কথা শুনুন। অন্যথায়, তিন বছর পর আপনারা (কেন্দ্রীয় সরকার) ২০১৪ সালের মতো পরিস্থিতির মুখোমুখি হবেন।’

২০২০-২১ সালের কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকাইতও অনশনস্থল পরিদর্শন করেন এবং তরুণদের আন্দোলনের প্রতি সমর্থন জানান।

কংগ্রেসের সমর্থন
কংগ্রেসের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) কেসি বেণুগোপাল এক্স পোস্টে লিখেছেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গত দেড় মাসেরও বেশি সময় ধরে সোনম ওয়াংচুকের তোলা দাবিটিই জানিয়ে আসছে। ওয়াংচুক সাহেব যে ক্ষোভ ও যন্ত্রণা অনুভব করছেন, আমরাও তার অংশীদার। মোদি সরকারের ভেতরে জবাবদিহিতার চরম অভাব। পরীক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণে আমরাও সমানভাবে ক্ষুব্ধ।

ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে বেণুগোপাল বলেন, তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা অনশন শেষ করার আবেদন জানাচ্ছি। আপনাদের আশ্বস্ত করছি, মোদি সরকারের মুখোমুখি হওয়া অব্যাহত রাখব এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে যাব।

আরও পড়ুন

×