পশ্চিম তীরে ব্যাপক অভিযান ও দমনপীড়ন ইসরায়েলের
বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার, বাড়িতে বাড়িতে তল্লাশি
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১২:০২
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সামরিক অভিযান ও উগ্র বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে। চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহতের জের ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ সাঁড়াশি অভিযান শুরু করে। এই অভিযানে ব্যাপক দমনপীড়ন চালানো এবং বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
আলজাজিরার খবর অনুসারে, গতকাল শনিবার সকালেই প্রায় ৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার এবং প্রায় ৭০টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। দখলদার দেশটির এই অভিযানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাসহ তুরস্ক ও জর্ডান।
গত শুক্রবার অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে এক গোলাগুলির ঘটনায় দুই ইসরায়েলি সেনা নিহত ও তিনজন আহত হন। এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ পুরো পশ্চিম তীরজুড়ে ব্যাপক অভিযানের নির্দেশ দেন। গতকাল সকালে নাবলুসের দক্ষিণ-পশ্চিমের তাল গ্রামসহ জেনিন, তুলকারেম, তুবাস ও জেরিকোর বিভিন্ন এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করা হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাত ও চোখ বাঁধা ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাচ্ছে সেনারা। এদিকে, নিহত চার ফিলিস্তিনির মরদেহ দিনের বেলা দাফন করতে বাধা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে রাতে সীমিত সংখ্যক স্বজনের উপস্থিতিতে তাদের দাফন সম্পন্ন হয়।
উগ্র বসতি স্থাপনকারীদের সহিংসতা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
সামরিক অভিযানের পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনদের তাণ্ডব বহু গুণ বেড়েছে। তারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি, কৃষিজমি ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর এই হামলাকে পরিকল্পিত গণহত্যা বা তাণ্ডব হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অবিলম্বে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের আহ্বান জানান।
অন্যদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করে বলেছে, বছরের পর বছর বিচারহীনতার সংস্কৃতি পশ্চিম তীরকে এক বারুদস্তূপে পরিণত করেছে।
এদিকে, তুরস্ক ও জর্ডান পৃথক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সরকারি মদদে চালিত বসতি স্থাপনকারীদের সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছে। পাশাপাশি অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ মাজালি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর এসব হামলা ইসরায়েল সরকারের চরমপন্থি নীতিরই বহিঃপ্রকাশ। এই নীতি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ও আঞ্চলিক শান্তির সম্ভাবনাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
- বিষয় :
- ইসরায়েলের বর্বরতা
- ফিলিস্তিন