জুলাইয়ে রেকর্ড তাপমাত্রার সাক্ষী হয়েছে ৯০ কোটি মানুষ
রোদের তাপ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করেন পর্যটকরা। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে। ছবি: এএফপি
ইউরো নিউজ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৭:৪২
বিশ্বের ৩৩টি দেশের প্রায় ৯০ কোটি মানুষ গত জুলাই মাসে রেকর্ড গড় তাপমাত্রার সাক্ষী হয়েছে। এর মধ্যে আছে আফ্রিকা মহাদেশের সাহেল অঞ্চল, মধ্য আমেরিকা এবং ইউরোপের ফ্রান্স ও স্পেন। এ সময় পশ্চিম ইউরোপে মাটির আদ্রতাও ছিল উদ্বেগজনক।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গবেষণা সংস্থা কোপার্নিকাসের উপাত্ত বিশ্লেষণ করে সোমবার এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জুলাইয়ের শেষ দিকে ফ্রান্সের জিরঁদ অঞ্চলের ভয়াবহ দাবানল প্রায় ৪২ হাজার হেক্টরের সমান এলাকায় ছড়িয়ে পড়ে। এসব এলাকা থেকে ২ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। একই সময়ে, স্পেনের মাদ্রিদের কাছের আভিলা প্রদেশে প্রায় ৪৪ হাজার হেক্টর এলাকার বনাঞ্চল ও স্থাপনা দাবানলে ছাই হয়ে যায়।
বিশ্বব্যাপী এবারের জুলাই ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ (যৌথভাবে) উষ্ণ মাস ছিল। আর ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উত্তপ্ত হতে থাকা মহাদেশ। গ্রীষ্মের প্রথম দুই মাসে সেখানে একের পর এক তাপপ্রবাহ ও চরম শুষ্ক অবস্থা দেখা গেছে। কোপার্নিকাস জানিয়েছে, শিল্প পূর্ব ১৮৫০-১৯০০ সালের তুলনায় ভূ-পৃষ্ঠে বায়ুর গড় তাপমাত্রা ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
কোপার্নিকাসের পরিচালক কার্লো বুওন্টেম্পো বলেন, গত ১১ বছর ধরে রেকর্ড গরম দেখা গেছে। আমরা আমাদের জীবদ্দশায় এমন উষ্ণ আবহাওয়া দেখিনি। খুব সম্ভবত সভ্যতার ইতিহাসেও দেখা যায়নি। এই উষ্ণতার প্রধান কারণ হলো গ্রিনহাউস গ্যাস।
মানুষের কার্বন নিঃসরণের কারণে সৃষ্ট অতিরিক্ত তাপের বেশিরভাগই মহাসাগর শোষণ করে। তাই জলবায়ু নিয়ন্ত্রণে সমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উষ্ণ সাগর পৃথিবীর ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যেমন, শক্তিশালী ঝড় ও বৃষ্টিপাতের পাশাপাশি প্রবাল প্রাচীরগুলো বিবর্ণ হয়ে যায়।
গবেষণার জন্য কোপার্নিকাস স্থল এবং সমুদ্র উভয় জায়গা থেকে সংগ্রহ করা কয়েক বিলিয়ন স্যাটেলাইট ও আবহাওয়ার তথ্য ব্যবহার করে। তাদের তথ্যভাণ্ডার ১৯৪০ সাল পর্যন্ত বিস্তৃত।
- বিষয় :
- তাপমাত্রা
- আবহাওয়া
- রেকর্ড
- জলবায়ুর পরিবর্তন