বাব এল-মান্দেব নিয়ে বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ সদরদপ্তরের সামনে সদস্য দেশগুলোর পতাকা। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২০
জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব নিয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা।
সম্প্রতি ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এমন প্রেক্ষাপটে বৈঠক ডাকা হলো। কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, চলতি মাসে নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করছে ফ্রান্স। তাদের পক্ষ থেকে বৈঠকের অনুরোধ করা হয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটায় (বাংলাদেশ সময় রাত ১টা) ওই বৈঠক হওয়ার কথা। বাব এল-মান্দেব প্রণালি লোহিত সাগরের মাধ্যমে ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করেছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অচল হয়ে পড়ায় এই জলপথটির গুরুত্ব বেড়েছে।
হুতিরা প্রণালি দখল দখল করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কায় মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
ইয়েমেনের উপকূলবর্তী এই প্রণালি দিয়ে জাহাজ প্রবেশের পর সুয়েজ খালের দিকে যায়। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা যাচ্ছে।
অপরদিকে হুতিদের বিরুদ্ধে সব ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে, রিয়াদ নেতৃত্বাধীন ‘ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠা জোট’। মঙ্গলবার তারা বলেছে, দৃঢ়ভাবে হুতিদের হামলার জবাব দেওয়া হবে।
বাব এল-মান্দেব প্রণালি হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ায় বড় ভুক্তভোগী হতে যাচ্ছে সৌদি আরব। গত সপ্তাহে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, ইরান সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদির যুবরাজ। কিন্তু ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করেন।
- বিষয় :
- নিরাপত্তা পরিষদ
- বৈঠক
- জাতিসংঘ