ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতিতে ফিরছেন নব্য-নাৎসি দলের নেতা

রাজনীতিতে ফিরছেন নব্য-নাৎসি দলের নেতা
×

কারাগার থেকে মুক্তির পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন ইলিয়াস কাসিদিয়ারিস। মঙ্গলবার গ্রিসে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৯

গ্রিসের নব্য-নাৎসি দল গোল্ডেন ডনের সাবেক মুখপাত্র ইলিয়াস কাসিদিয়ারিস (৪৫) মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এরইমধ্যে ইলন মাস্কের দৃষ্টি আকর্ষণ করা এই নেতা রাজনীতিতে ফেরার অঙ্গীকার করেছেন।

গ্রিসে গোল্ডেন ডনের বিরুদ্ধে অভিবাসী ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা এবং ফ্যাসিবাদবিরোধী র‌্যাপার পাভলোস ফিসাসকে হত্যার অভিযোগ আছে। এই দলের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে ইলিয়াসের ১৩ বছর কারাদণ্ড হয়েছিল। 

মঙ্গলবার ইলিয়াসের মুক্তি উপলক্ষে বেশ কয়েকজন সমর্থককে কারাগারের বাইরে ভিড় করতে দেখা যায়। তাদের হাতে ছিল গ্রিসের পতাকা। তারা ইলিয়াসের উদ্দেশে স্লোগান দেন, ‘আমরা আপনার সঙ্গে আছি।’ 

কারাগার থেকে বেরিয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ইলিয়াস বলেন, তিনি একটি নতুন ও শক্তিশালী জাতীয়তাবাদী দলে ফিরছেন। এ ধরনের দল পুরো ইউরোপে আধিপত্য বিস্তার করছে।

ইউরোপের বিভিন্ন দেশে কট্টর ডানপন্থি দলগুলোর উত্থানের মধ্যেই ইলিয়াস মুক্তি পেলেন। এসব দেশের মধ্যে জার্মানিও আছে। সম্প্রতি দেশটির একটি রাজ্যের নির্বাচনে জিতেছে অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো নির্বাচনে এটিই এএফডির প্রথম জয়।

এদিকে কারাগারে থাকলেও ইলিয়াসের ইউটিউব চ্যানেল সক্রিয় ছিল। গত জুলাইয়ে তিনি মার্কিন ধনকুবের ইলন মাস্ককে ‘বিশ্বের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন। যা মাস্কের নজর কাড়ে। এরপর এক্সে মাস্ক লিখেন, ইলিয়াসকে কারাগারে আটকে রাখাটা গোলমেলে বিষয়।

ইলিয়াস ছাড়াও জার্মানির এএফডিসহ ইউরোপের বিভিন্ন কট্টর ডানপন্থি গোষ্ঠীকে ইলন মাস্ক সমর্থন জানিয়েছেন। গ্রিসে আগামী বছর নির্বাচন হওয়ার কথা। দেশটির কট্টর ডানপন্থিরা বর্তমানে ছোট ছোট দলে বিভক্ত। পার্লামেন্টে তাদের কোনো প্রতিনিধি নেই।

আরও পড়ুন

×