ইরান যুদ্ধ শেষ হওয়ার কাছাকাছি পর্যায়ে আছে: ট্রাম্প
সাংবাদিকদের ব্রিফ করেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলিনায়। ছবি: এএফপি
রয়টার্স
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২১
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার কাছাকাছি পর্যায়ে আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন সময়ে এই আশা ব্যক্ত করলেন, যখন ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরবের লড়াই তীব্র হয়েছে।
স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আশা করছি, আমরা যুদ্ধ শেষের দিকে আছি।’ ইরানকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক, সেটা কীভাবে এগোয়।’ এ সময় তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ শেষ করা নিয়ে ট্রাম্প বিভিন্ন সময়ে লক্ষ্য ও সময়সীমা পরিবর্তনের কথা বলেছেন। এবার তিনি হুতি-সৌদি লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন। এই ফ্রান্টে লড়াইয়ের মাধ্যমে যুদ্ধ মধ্যপ্রাচ্যে আরও ছড়িয়ে পড়েছে।
সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে হুতিরা সৌদির শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তারা লোহিত সাগরে প্রবেশের পথ বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে।
যুদ্ধ ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট তীব্র হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়ীরা বলছেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্বের মোট তেল সরবরাহের ৪ শতাংশ পর্যন্ত ব্যাহত হতে পারে। পাইপলাইনের কার্যক্রম আবার কবে শুরু হবে তা নিয়ে রিয়াদ এখনো কিছু জানায়নি।
- বিষয় :
- ইরান যুদ্ধ
- ডোনাল্ড ট্রাম্প
- যুক্তরাষ্ট্র