মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি, তেল কেনায় বৈচিত্র্য ধরে রাখবে ভারত
রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা ভারত। ছবি: সংগৃৃহীত
এএফপি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৬
রাশিয়ার ওপর চাপ বাড়াতে কংগ্রেসে একটি নিষেধাজ্ঞা বিল অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। এর আওতায় মস্কোর তেল ক্রেতাদের ওপরও শুল্ক আরোপের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ভারত বলেছে, তারা বৈচিত্র্যপূর্ণ উৎস থেকে তেল কেনা অব্যাহত রাখবে।
ভারত রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রায় ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। বৈচিত্র্যপূর্ণ উৎস থেকে এবং বাজার পরিস্থিতি পরিবর্তনের ভিত্তিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্ত্রণালয় আরও বলেছে, ভারতীয় পক্ষ নিজেদের বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার দৃঢ় সংকল্পের কথা স্পষ্ট করছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটের মধ্যে ভারত আংশিকভাবে রাশিয়ার দিকে ঝুঁকে পরিস্থিতি সামাল দিয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর চাপ সত্ত্বেও দিল্লি ওই পদক্ষেপ নেয়।
বুধবার মার্কিন আইনপ্রণেতাদের পাস করা বিলে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মস্কোর তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ট্যাংকারগুলোও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে।
বিলটি ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতাদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। এর আওতায় চীন ও ভারত পড়তে পারে। নিষেধাজ্ঞা বিলটির লক্ষ্য ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অর্থায়নের প্রবাহ বন্ধ করা।
বাণিজ্যবিষয়ক ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পরের সপ্তাহগুলোতে রুশ তেল আমদানির ওপর ছাড় দেয় যুক্তরাষ্ট্র। ভারতীয় শোধনাগারগুলো তখন রাশিয়া থেকে দিনে ২ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে।
গত জুলাইয়ে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি রেকর্ড ২ দশমিক ৮১ মিলিয়ন ব্যারেলে পৌঁছায়। এরপর তা কমে গত মাসে ২ দশমিক ৭ মিলিয়ন ব্যারেলে নেমে আসে।
- বিষয় :
- অপরিশোধিত তেল
- আমদানি
- ভারত
- রাশিয়া
- নিষেধাজ্ঞা
- যুক্তরাষ্ট্র