ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রিপাবলিকান ঘাঁটিতে বাজিমাত ডেমোক্র্যাটদের

নতুন ধাঁচের প্রার্থী বাছাই

রিপাবলিকান ঘাঁটিতে বাজিমাত ডেমোক্র্যাটদের
×
×

যুক্তরাষ্ট্রে বেশ কিছু আসনে একঝাঁক প্রভাবশালী ডেমোক্র্যাট প্রার্থী এখন রিপাবলিকানদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৮:০৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ০৮:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমহ্রাসমান জনপ্রিয়তাই রিপাবলিকানদের একমাত্র দুশ্চিন্তা নয়। বেশ কিছু আসনে একঝাঁক প্রভাবশালী ডেমোক্র্যাট প্রার্থী এখন তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে যে রাজ্যগুলোকে রিপাবলিকানদের ঘাঁটি মনে করা হতো, সেখানেও তৈরি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

সিএনএনের বিশ্লেষণে বলা হচ্ছে, একঝাঁক নতুন ডেমোক্র্যাট প্রার্থী দলের গতানুগতিক ধারার বাইরে গিয়ে নির্বাচনী ময়দানে আলোড়ন সৃষ্টি করেছেন। ডেমোক্র্যাটদের যেসব দুর্বলতার কারণে এতদিন ট্রাম্প সুবিধা পাচ্ছিলেন, নতুন প্রার্থীরা সেগুলো দক্ষতার সঙ্গে কাটিয়ে উঠেছেন। ফলে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পাশাপাশি ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে।

সাম্প্রতিক জরিপ বলছে, নর্থ ক্যারোলাইনার সাবেক গভর্নর রয় কুপার স্বতন্ত্র ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয়। এমনকি গ্রামীণ এলাকাগুলোতেও তিনি রিপাবলিকানদের ভোটব্যাংকে ভাগ বসাচ্ছেন। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটছে আইওয়ায়। রাজ্যটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন আইনপ্রণেতা জশ টুরেক। অথচ মাত্র দুই বছর আগেই এই রাজ্যে ট্রাম্প ১৩ পয়েন্টের বড় ব্যবধানে জিতেছিলেন। জর্জিয়ায় জন অসফ ট্রাম্পের সমালোচনা করে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। তাঁর সাফল্য ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় নিয়ে এসেছে। টেক্সাসে জেমস তালারিকো অর্থনৈতিক জনতুষ্টিবাদ ও ধর্মীয় বিশ্বাসের মিশ্রণ ঘটিয়ে প্রচারণা চালাচ্ছেন, যা ৩০ বছর পর সেখানে ডেমোক্র্যাটদের জয়ের স্বপ্ন দেখাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে ওহাইওতে সহজেই জিতেছিলেন ট্রাম্প। তবে এবার সাবেক সিনেটর শেরড এই রাজ্যে এগিয়ে আছেন। 

এই প্রার্থীরা ট্রাম্পের অজনপ্রিয়তা এবং জাতীয় অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নেওয়ার পাশাপাশি দলের ভাবমূর্তি উন্নত করায় জোর দিচ্ছেন। তবে জরিপ বলছে, দেশে এখনও দল হিসেবে ডেমোক্র্যাট বা রিপাবলিকান কারও জনপ্রিয়তাই খুব বেশি নয়।

প্রার্থী বাছাইয়ে রিপাবলিকানদের ভুল
রিপাবলিকানদের ভুল প্রার্থী নির্বাচনও ডেমোক্র্যাটদের বাড়তি সুযোগ দিচ্ছে। জর্জিয়ায় মাইক কলিন্স এবং টেক্সাসে বিতর্কিত অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে ট্রাম্প সমর্থন দিলেও তারা ভালো করতে পারছেন না। নর্থ ক্যারোলাইনায় মাইকেল হোয়াটলি পরিচিত মুখ হলেও, কুপারের সমকক্ষ হয়ে উঠতে পারছেন না তিনি। মেইনের বহুদিনের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সও এখন কঠিন লড়াইয়ের মুখে। কারণ, ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তে সমর্থন দেওয়ায় তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আত্মতুষ্টির সুযোগ নেই
জরিপ অনুযায়ী টেক্সাস ও আইওয়ায় তীব্র লড়াই চলছে। আর জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও ওহাইওতে ডেমোক্র্যাটরা কিছুটা সুবিধাজনক অবস্থানে। তবে শেষ মুহূর্তে ব্যবধান কমে আসারও ইতিহাস রয়েছে। তা সত্ত্বেও ডেমোক্র্যাটদের আত্মবিশ্বাসের বড় কারণ ট্রাম্পের কমতে থাকা জনপ্রিয়তা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে মানুষের ক্ষোভ। রাজনীতি বিশেষজ্ঞ মাইকেল বিটজারের মতে, ক্ষমতাসীন দলের প্রতি জনগণের অসন্তোষের প্রভাব সরাসরি প্রার্থীদের ওপর পড়ে।

আরও পড়ুন

×