ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৪০
জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবন। ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৫:৪২
ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রাশিয়ার রাতভর হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার শিশুসহ আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার আঞ্চলিক গভর্নর মাইখাইলো সেমিকিন এ তথ্য জানিয়েছেন।
সেমিকিন তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ছবি ও ভিডিওতে হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবন দেখিয়েছেন। ভবনটির জানালাগুলো উড়ে গেছে এবং চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে।
এর আগে সেমিকিন জানিয়েছিলেন, রাশিয়ার হামলার পর শহরটির বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন। হামলায় অ্যাপার্টমেন্ট ভবন, ব্যক্তিগত ভবন, পরিবহন অবকাঠামো ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার জানিয়েছে, রুশ সামরিক বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল ও অন্যান্য সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।
- বিষয় :
- ইউক্রেন
- রাশিয়া
- হামলায় নিহত
- আহত