নেপালে প্রভাব বাড়াতে তৎপর ভারত, অবস্থান জোরদার করছে চীন
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৬:০১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৬:০৬
চলতি বছরের শুরুতে নেপালে ভয়াবহ বন্যার পর দ্রুত ত্রাণ ও পুনর্গঠন সহায়তা নিয়ে এগিয়ে আসে ভারত। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে নেপালে নিজেদের প্রভাব পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাচ্ছে নয়াদিল্লি। অন্যদিকে, অর্থনৈতিক ও অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে দেশটিতে নিজেদের অবস্থান আরও জোরদার করছে চীন।
সীমান্ত বিরোধ এবং ২০১৫ সালের অবরোধকে কেন্দ্র করে গত এক দশকে ভারত-নেপাল সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ওই অবরোধের জন্য অনেক নেপালি নয়াদিল্লিকে দায়ী করেছিলেন। এর ফলে দেশটিতে জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। তবে অবরোধের দায় অস্বীকার করেছে ভারত।
একই সময়ে নেপালে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীন। দেশটির বাজারে চীনা ইলেকট্রনিক পণ্য ও বৈদ্যুতিক যানবাহনের প্রবেশ বাড়ায় দুই দেশের বাণিজ্যও বেড়েছে। পাশাপাশি অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে নেপালে প্রভাব বিস্তার করেছে বেইজিং।
হিমালয়ের কোলে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপাল চীন ও ভারতের মাঝখানে। কয়েক দশক ধরে দেশটিতে প্রভাব বজায় রাখতে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে এশিয়ার এই দুই বৃহৎ শক্তি। চীনের অর্থনৈতিক উত্থানের ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কাঠমান্ডুর কৌশলগত নমনীয়তা বেড়েছে। এতে ভারতের দীর্ঘদিনের সেই ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেখানে ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সংহতি ও দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে ভারতের প্রভাব বজায় থাকার ভিত্তি হিসেবে বিবেচনা করা হতো।
বন্যাকে কেন্দ্র করে নেপালে প্রভাব বিস্তারের লড়াইয়ে কিছুটা হারানো অবস্থান ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগস্টে নেপালে ভয়াবহ বন্যার পর প্রথম বিদেশি সরকার হিসেবে সাড়া দেয় ভারত। দেশটি ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে সহায়তা করে।
সোমবার নেপালের পুনর্গঠন, অবকাঠামো ও জ্বালানি খাতের জন্য ১ দশমিক ৬২ বিলিয়ন ডলারের অনুদান ও ঋণ সহায়তার প্যাকেজ ঘোষণা করে নয়াদিল্লি। ৩৬ বছর বয়সী প্রধানমন্ত্রী শাহ মার্চে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে ভারতে গেলে এ ঘোষণা আসে।
নেপালের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ৫ বিলিয়ন ডলার প্রয়োজন, যা দেশটির মোট অর্থনীতির প্রায় এক-দশমাংশ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের এই প্যাকেজ দেশটির ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় আর্থিক সহায়তা।
নেপালি সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে নেপালকে ভারতের দেওয়া সহায়তার পরিমাণ চীনের তুলনায় চার গুণেরও বেশি ছিল। ওই অর্থবছর শেষ হয় জুলাইয়ের মাঝামাঝি সময়ে।
ভারত-নেপাল সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ অশোক মেহতা বলেন, নতুন আর্থিক প্যাকেজটি নেপালে শাহের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করতে পারে। একই সঙ্গে কাঠমান্ডুর সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ পাবে নয়াদিল্লি। ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময়ও ভারত একই ধরনের ভূমিকা রেখেছিল।
মেহতা বলেন, ‘এটি অনেকটা শ্রীলঙ্কা মডেলের মতো। ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী; অথচ শ্রীলঙ্কার সংকটের আগে এই সম্পর্ক তলানিতে ঠেকেছিল।’
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক জোরদারে আর্থিক সহায়তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ভারত। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শুরুতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিকে চীনের দিকে ঝুঁকিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। পরে তিনিই ভারতকে মালদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে অভিহিত করেন।
আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, গুরুতর অর্থনৈতিক সংকটের সময় ভারত সহায়তা দিতে আগ্রহী হওয়ায় এই পরিবর্তন এসেছে।
কুগেলম্যান বলেন, দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখনো ভারতের উদার সহায়তার ওপর, বিশেষ করে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে, ব্যাপকভাবে নির্ভরশীল। চীনের বৈশ্বিক আর্থিক সক্ষমতা ভারতের তুলনায় অনেক বেশি হলেও এই নির্ভরশীলতা বজায় রয়েছে।
‘এইডডেটা’র তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে চীনের সরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশে প্রায় ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিপরীতে ভারত দিয়েছে প্রায় ৪৬ বিলিয়ন ডলারের অনুদান ও সহজ শর্তের ঋণ।
তবে অনুদান ও সহজ শর্তের ঋণের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে দ্রুত জরুরি সহায়তাও দিয়ে থাকে ভারত। অন্যদিকে, চীনের বৈদেশিক অর্থায়নের বড় অংশ রাষ্ট্র-সমর্থিত ঋণ ও বড় অবকাঠামো প্রকল্পে কেন্দ্রীভূত।
নেপালে চীনের প্রভাব বিস্তার ঠেকানোই এখন নয়াদিল্লির একমাত্র লক্ষ্য নয়। বরং চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উপস্থিতি যাতে রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ারে পরিণত না হয়, সেটিও ভারতের কাছে গুরুত্বপূর্ণ।
গত এক দশকে নেপালের সঙ্গে চীনের বাণিজ্য তিন গুণেরও বেশি বেড়েছে। এর বড় অংশই চীন থেকে নেপালে পণ্য রপ্তানির মাধ্যমে এসেছে। পাশাপাশি নেপালে চীনা ভাষা ও সংস্কৃতির প্রসার ঘটেছে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউট ২০০৭ সাল থেকে প্রায় ৫০ হাজার উচ্চ বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক প্রশ্নোত্তর পর্বে জানান, আগস্টে নেপালে ভয়াবহ বন্যার পর চীন নগদ অর্থ ও পাঁচ দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে। এ ছাড়া ২০ জনের বেশি উদ্ধারকারী ও ফরেনসিক বিশেষজ্ঞকে নেপালে পাঠানো হয়েছে। আবহাওয়া, পানি ও ভূতাত্ত্বিক তথ্যও দেশটির সঙ্গে বিনিময় করেছে বেইজিং।
তবে শাহের ভারত সফর নেপালের নতুন প্রশাসনের কাছে নয়াদিল্লির গুরুত্ব তুলে ধরেছে। সফরে শাহ ভারতকে ‘নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী’ হিসেবে অভিহিত করেন। তিনি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান এবং শিক্ষা, স্যাটেলাইট যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নে সহযোগিতা বাড়াতে চুক্তি স্বাক্ষর করেন।
‘নেপালি টাইমস’-এর সাবেক সম্পাদক কুন্দা দীক্ষিতের মতে, ভারত এমন একজন নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, যাঁকে তারা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি।
দীক্ষিত বলেন, ভারত হয়তো নিশ্চিত করতে চাইছে, তিনি যেন চীনের দিকে খুব বেশি ঝুঁকে না পড়েন। নেপালের সঙ্গে সম্পর্ককে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টার অংশ হতে পারে এই সহায়তা।
শাহ বলেন, দীর্ঘ সময় ধরে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস গড়ে তোলাই হবে মূল ভিত্তি। নেপাল ও ভারতের মধ্যকার বন্ধুত্ব এমন হোক, যেখানে পারস্পরিক বিশ্বাস হিমালয়ের মতোই সুউচ্চ হয়ে দাঁড়িয়ে থাকবে।]