ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

করোনাজয়ীদেরও কি টিকা নিতে হবে?

করোনাজয়ীদেরও কি টিকা নিতে হবে?
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৯:০৪

করোনাভাইরাসের বহুল প্রত্যাশিত টিকার নাগালে পৌঁছেছে বিশ্ব। যুক্তরাজ্যে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে গণটিকাদান। এর পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রেও এই প্রতিষেধকটির প্রয়োগ শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে কবে টিকাদান শুরু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এরই মধ্যে অবশ্য অনেকের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, করোনায় আক্রান্তের পর সুস্থ হওয়া ব্যক্তিদেরও কি এ টিকা নিতে হবে?

যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেল এই প্রশ্নের উত্তর খুঁজেছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকাটি সহজলভ্য হওয়ার পর যত বেশি লোকের ওপর সম্ভব প্রয়োগ করা হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যত বেশি লোক টিকা নেবেন, ততই রোগটির প্রাদুর্ভাব কমে আসবে। করোনাজয়ীদেরও টিকা দেওয়া হবে।

তবে করোনাজয়ীদের ওপর টিকাটির প্রভাব কেমন হবে; অথবা এটি তাদের ইমিউন সিস্টেমে কতটা সাড়া দেবে- এটা এখনও নিশ্চিত নয়। বিশেষ করে যেসব কভিড রোগী সুস্থ হওয়ার পরও দীর্ঘদিন নানা জটিলতায় ভুগেছেন তাদের ওপর এটি কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে কোনো গবেষণা নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের লোকও করোনার টিকা নিলে তেমন ঝুঁকি সৃষ্টি হওয়ার কথা নয়।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের অধ্যাপক ডেভিড টমাস বলেন, 'সাধারণ সুপারিশ হলো, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়াদেরও টিকা নিতে হবে। এ নিয়ে কিছু প্রশ্নের জবাব এখনও মেলেনি। তবে তাদের টিকা নেওয়াটাই হবে সঠিক কাজ।'

একবার কডিভ হলে ফের আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। তবে এ রোগে আক্রান্ত হওয়ার পর যে প্রাকৃতিক এন্টিবডি তৈরি হয়, তা সময়ের পরিক্রমায় ক্ষয় হতে থাকে। ফলে একাধিকবার আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এ জন্য চিকিৎসক ও রোগ বিশেষজ্ঞরা একমত যে, বেশিরভাগ লোকেরই করোনার টিকা নেওয়া প্রয়োজন। একবার আক্রান্ত হওয়ার পর প্রাকৃতিকভাবে সুরক্ষামূলক ইমিউনিটি তৈরি হলেও টিকা নিলে তা আরও বাড়বে।

ফাইজার ও মডার্না তাদের টিকা পরীক্ষাকালে নানা শ্রেণি-পেশা-বয়স-বর্ণের লোকের ওপর প্রয়োগ করলেও তারা করোনাজয়ী কোনো লোককে এটা দেয়নি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের মতো কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে তাদের টিকাদানের অনুমোদন দিলেও এসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাদের নিশ্চয়ই সময় বেঁধে দেবে। তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে অনুমোদন বাতিলও করা হতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. সারাহ ফরচুন বলেন, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, করোনাজয়ীরা টিকা নিলেও কোনো ক্ষতি হতে পারে। তবে এটা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

ভারতে শিগগিরই টিকাদান শুরু হচ্ছে : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশে কভিড টিকাদান শুরু হচ্ছে খুব শিগগিরই। গতকাল শুক্রবার সর্বদলীয় বৈঠকে এ কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনায় দ্বিতীয় সর্বদলীয় বৈঠক করলেন মোদি। গতকালের বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল- কভিড টিকাদান, টিকা ব্যবস্থাপনা এবং টিকাদানের পদ্ধতি নির্ধারণ। বৈঠকে বলা হয়, সামনের সারির যোদ্ধাদের আগে টিকা দেওয়া হবে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে এই সংখ্যা প্রায় এক কোটি।

চীনের সিনোভ্যাকের টিকা গেল ব্রাজিলে : চীনের সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক টিকার পরীক্ষা চলছে ব্রাজিলে। দেশটির সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট বায়োমেডিকেল সেন্টার বৃহস্পতিবার সিনোভ্যাক বায়োটেকের ১০ লাখ ডোজ টিকা গ্রহণ করেছে। ব্রাজিলের প্রতিষ্ঠানটি দেশটির ১৬টি অঞ্চলে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে। এ টিকা নিয়ন্ত্রকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বুটানটান জানিয়েছে, ১৫ ডিসেম্বর সিনোভ্যাক তাদের টিকার কার্যকারিতার ফলাফল জানাবে।

ফাইজারের টিকা পৌঁছল যুক্তরাজ্যে : ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনার টিকার প্রথম চালান যুক্তরাজ্যে পৌঁছেছে। টিকা বিতরণের জন্য মূল কেন্দ্র হিসেবে নির্ধারিত এক অজ্ঞাত স্থানে ওই টিকা নেওয়া হয়েছে। সেখান থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালের টিকাদান কেন্দ্রে এসব টিকা বিতরণ করা হবে। যুক্তরাজ্য চার কোটি ডোজ টিকার আদেশ দিয়েছিল। দেশটির টিকা দেওয়ার জন্য নির্ধারিত দুই কোটি লোককে দুই ডোজ করে এ টিকা দেওয়া হবে।

ফাইজার ও বায়োএনটেকের টিকা বেলজিয়ামে প্রস্তুত করা হয়েছে। বুধবার বিশ্বে প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গললবার থেকে এ টিকা দেওয়া শুরু হবে।


আরও পড়ুন

×