নাগাল্যান্ড থেকে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৭:১৮ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৭:২১
ভারতের নাগাল্যান্ডের জুকো রেঞ্জ থেকে সৃষ্ট দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে দেশটির জাতীয় দুর্যোগ বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও বিমান বাহিনী।
গত মঙ্গলবার মণিপুরের সীমান্ত সংলগ্ন নাগাল্যান্ডের জুকো রেঞ্জে বনে আগুন লাগে। এরপর তা ক্রমেই ছড়িয়ে পড়ে মনিপুর রাজ্যের সেনাপতি জেলায়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
জনপ্রিয় ট্রেকিং রুট ও পর্যটনস্থল জুকো উপত্যকা সংলগ্ন জুকো পাহাড়ে ট্রেকিং রুটের কাছেই মঙ্গলবার আগুন জ্বলতে দেখা যায়। বন দফতর, দমকল, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে একত্রে কাজ করে গেছেন শুরু থেকেই।
স্থানীয় প্রশাসন সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে বহু বনজ সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও সব রকম পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। অন্যদিকে, নাগাল্যান্ডেও আগুন নিয়ন্ত্রণের কাজে দমকল, পুলিশ, বন দফতর দিনরাত কাজ করছে।
শুক্রবার গোটা পরিস্থিতির খোঁজ নিতে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের টুইটার হ্যান্ডেলে এই কথা জানান বীরেন সিং। তিনি লেখেন, “দ্রুত এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।”
- বিষয় :
- ভারত
- দাবানল
- নাগাল্যান্ড
