সালতামামি-২০২৫
সি টু সামিট এভারেস্ট অভিযান: শাকিলের অনন্য অর্জন
ইকরামুল হাসান শাকিল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:২১ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৮:২৯
| প্রিন্ট সংস্করণ
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে হাঁটা শুরু করেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। এভারেস্টে আরোহণের পথে তিনি বেশ কয়েকটি রেকর্ড গড়েন। তবে নতুন বিশ্বরেকর্ড গড়ার তাড়নায় নয়; বরং নিজের দেশকে গর্বিত করতেই ইকরামুল হাসান শাকিল শুরু করেন এই ব্যতিক্রমী অভিযান, ‘সি টু সামিট: এভারেস্ট অভিযান’। এ অভিযানে তিনি হেঁটেছেন প্রায় ১ হাজার ৩৭২ কিলোমিটার। এতে সময় লেগেছে ৮৪ দিন।
অভিযানের উদ্দেশ্য ‘বিট প্লাস্টিক পলিউশন’ এই বার্তা ছড়িয়ে দেওয়া। ইউএনডিপির ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে তিনি এই দীর্ঘ যাত্রাপথে সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত প্লাস্টিক সংগ্রহ করেছেন, মানুষকে সিঙ্গেল-ইউজড প্লাস্টিক পরিহারে উদ্বুদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন, মানুষ যেখানে যায় সেখানে প্লাস্টিকও পৌঁছে যায়। সমুদ্র, নদী, সমতল, এমনকি এভারেস্টের চূড়াতেও।
এভারেস্ট অভিযানের সামিট পুশে পৌঁছান যখন ‘ডেথ জোন’-এ, তখন ঝোড়ো আবহাওয়া ও শারীরিক অবসাদ তাঁকে টলিয়ে দেয়। সেই মুহূর্তে তাঁর সঙ্গী গ্যালজেন শেরপা জিজ্ঞেস করেন, ‘তুমি কী করবে? সিদ্ধান্ত তোমার।’ চোখের সামনে বহু বাধা, ঋণের বোঝা, আর পরিবার-বন্ধুদের প্রত্যাশা মনে পড়ে যায়। মনে প্রশ্ন জাগে, ‘এত দূর এসে কি এখন ফিরে যাব?’ নিজেকেই উত্তর দেন, ‘না, আমি ইতিহাস নিয়েই ফিরব।’ হিলারি স্টেপ পার হওয়ার সময় পায়ের পাশে পড়ে থাকা মৃতদেহগুলো মুহূর্তের জন্য মন ভেঙে দেয়, কিন্তু ভয় জয় করে এগিয়ে যান। নেপালি সময় সকাল ৬টা ৩০ মিনিটে তিনি পৌঁছান পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। মাত্র ১৩ মিনিট ছিলেন সেখানে। বাংলাদেশের পতাকা তুলেছিলেন, আর মনের ভেতর কাজ করছিল একটাই ভাবনা ‘এখন শুধু বেঁচে ফিরতে হবে।’
শাকিল বলেন, ‘চূড়ায় ওঠা যতটা কঠিন, তার চেয়েও কঠিন বেঁচে ফেরা।’ চূড়া থেকে নামার সময়ই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। তাই তিনি নিজেকে বোঝান ‘এটা একদম সাধারণ পাহাড়, শান্তভাবে নামতে হবে।’ এই মানসিক স্থিরতাই তাঁকে নিরাপদে ফিরিয়ে আনে। তিনি বলেন, ‘পর্বতের প্রতি প্রেমই আমাকে মৃত্যুভয় উপেক্ষা করে সেখানে নিয়ে যায়। চূড়ায় পৌঁছানো নয়, ফিরে আসাটাই আমার সবচেয়ে বড় বিজয়। স্বপ্নের ওজন হিমালয়ের থেকেও বেশি, যদি তুমি তা বয়ে নিয়ে চলার সাহস রাখো।’
তবে শাকিলের পথ মোটেও সহজ ছিল না। সবচেয়ে বড় বাধা অর্থ ও প্রশিক্ষণ সুবিধার সীমাবদ্ধতা। তবু পরিবার ও মায়ের কাছ থেকে নিরন্তর সাহস পেয়েছেন তিনি।
- বিষয় :
- অভিযান
- ইকরামুল হাসান শাকিল
- বিশ্ব রেকর্ড
