ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফুটবল পায়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সিম্বা ও বনির

ফুটবল পায়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সিম্বা ও বনির
×

সিম্বা ও বনি

হিল্লোল চৌধুরী

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৮:০৪ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ২১:১১

| প্রিন্ট সংস্করণ

ফুটবল মাঠে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর পায়ের জাদু দেখে আমরা প্রতিনিয়তই মুগ্ধ হই। কিন্তু যদি বলা হয়, এ কিংবদন্তিদেরও টেক্কা দিতে প্রস্তুত দুই চার পেয়ে বিস্ময়? অবাক হলেও সত্যি, ফুটবল পায়ে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে দুটি কুকুর–সিম্বা ও বনি! যুক্তরাজ্যের রিডিং শহরের বাসিন্দা ৪৯ বছর বয়সী ওলগা জোনসের আদরের পোষা প্রাণী এরা। পাঁচ বছর বয়সী ‘বর্ডার কলি’ জাতের কুকুর সিম্বা এবং তার সাত বছর বয়সী বোন ‘ইংলিশ স্প্রিংগার স্প্যানিয়েল’ জাতের বনি সম্প্রতি তাদের অসাধারণ ফুটবল দক্ষতার জন্য রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে।

সিম্বা মাত্র ১ মিনিটে ১২টি গোল করে ‘এক মিনিটে একটি কুকুরের করা সর্বোচ্চ গোলের’ রেকর্ডটি নিজের ঝুলিতে পুরেছে। মজার ব্যাপার হলো, এর আগের রেকর্ডটিও ছিল সিম্বারই; পাঁচটি গোল। এবার সে নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। অন্যদিকে, বোন বনিও পিছিয়ে নেই। সে মাত্র ৩০ সেকেন্ডে পাঁচটি গোল করে আরেকটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে।

চিকিৎসাবিজ্ঞানে ক্যারিয়ার গড়া ওলগা বর্তমানে তার পুরোটা সময় দেন এই বিস্ময়-কুকুরদের প্রশিক্ষণে। গিনেস কর্তৃপক্ষ যখন ফুটবলভিত্তিক রেকর্ডের ঘোষণা দেয়, তখন ওলগা ভাবলেন, সিম্বা ও বনি তো বল নিয়ে খেলতেই সবচেয়ে বেশি ভালোবাসে! তাহলে কেন নয়?

বনি কীভাবে এই রেকর্ডের অংশ হলো–সে গল্প বলতে গিয়ে ওলগা হাসতে হাসতে বলেন, “সিম্বাকে গোল করতে দেখে বনি আর স্থির থাকতে পারেনি। কিছুক্ষণ ধৈর্য ধরে দেখার পর সে যেন বলে উঠল, ‘ঠিক আছে... এবার আমার পালা!’ মাঠে নেমেই সে তার স্বভাবসুলভ চাঞ্চল্য আর আনন্দ নিয়ে একের পর এক গোল করতে শুরু করে। সঙ্গে ছিল তার নিজস্ব স্টাইলের আনন্দময় উন্মাদনা।’’

এ দুই ভাইবোনের প্রতিভার তালিকা বেশ দীর্ঘ। কুকুরছানা দুটির বয়স থেকেই ওলগা তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রথমে ছোটখাটো খেলা দিয়ে শুরু হলেও, এখন তারা ডগ স্পোর্টস, ডগ ডান্সিং থেকে শুরু করে জটিল সব কমান্ড বুঝতে পারে। শত শত ইশারা তাদের মুখস্থ। টিভি শো, বিজ্ঞাপন থেকে শুরু করে মঞ্চেও তাদের সরব উপস্থিতি রয়েছে।

জানলে অবাক হতে হবে, সিম্বা ছবি আঁকতেও ভালোবাসে! তার আঁকা ছবি বিক্রি করে দাতব্য সংস্থার জন্য তহবিলও সংগ্রহ করা হয়েছে আর বনির মেধা তো স্বয়ং সাইমন কাওয়েলকেও মুগ্ধ করেছিল! জনপ্রিয় রিয়েলিটি শো ‘ব্রিটেইনস গট ট্যালেন্ট’-এ বনির পারফরম্যান্স দেখে দাঁড়িয়ে সম্মান (স্ট্যান্ডিং ওভেশন) জানিয়েছিলেন এই কড়া বিচারক।

কুকুরগুলোকে কীভাবে এত কিছু শেখালেন ওলগা? তাঁর মতে, মূল মন্ত্র হলো ‘আনন্দ’। কোনো জটিল কাজকে ছোট ছোট সহজ ধাপে ভাগ করে নেওয়া এবং প্রতিটি সফলতা উদযাপন করাই তাঁর কৌশল। মানুষ সাধারণত ভাবে কুকুর শুধু মানুষের কাজ বা নির্দেশ মুখস্থ করে। কিন্তু ওলগার মতে, সিম্বা ও বনি যে কোনো কাজের মূল উদ্দেশ্য বুঝতে পারে এবং নিজেদের মতো করে সমস্যা সমাধানের পথ খুঁজে নেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নতুন নতুন চ্যালেঞ্জ তাদের এই বুদ্ধিবৃত্তিক বিকাশকেই উসকে দেয়।

আরও পড়ুন

×