পায়ের ওপর পা তুলে বসা কি সত্যিই ক্ষতিকর?
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ১৬:২৩
অনেকেরই পায়ের ওপর পা তুলে বসার অভ্যাস আছে। কিন্তু এভাবে বসা বা‘ক্রস লেগ’পজিশন নিয়ে অনেককেই সতর্ক করতে শোনা যায়। কেউ কেউ বলেন, এভাবে বসলে শিরদাঁড়া বেঁকে যায়, রক্ত সঞ্চালনে সমস্যা হয় কিংবা ভেরিকোজ ভেইনস-এর মতো জটিলতা দেখা দেয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতামতে উঠে এসেছে ভিন্নরকম তথ্য।
বিজ্ঞানীরা বলছেন, পায়ের ওপর পা তুলে বসা মানেই শরীর খারাপ হওয়া—এমন দাবির সপক্ষে জোরালো কোনও বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। অনেকেই মনে করেন ক্রস লেগ পজিশন মানেই ‘ভুল ভঙ্গিমা’। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, মানুষের শিরদাঁড়া যথেষ্ট মজবুত এবং নমনীয়। বিভিন্ন ধরনের শারীরিক ভঙ্গি এটি খুব সহজেই সহ্য করতে পারে। পিঠ বা কোমরের ব্যথার জন্য কেবল বসার ভঙ্গিমা দায়ী নয়; বরং দীর্ঘক্ষণ নড়াচড়া না করে একইভাবে বসে থাকাই আসল সমস্যা। শরীর যখন একঘেয়েমি অনুভব করে, তখনই সে ব্যথার মাধ্যমে সংকেত দেয়। শরীর তখন চায় ভঙ্গি বদলাতে। সিড়ি দিয়ে ওঠা-নামা, দৌড়ানো বা ওজন তোলার সময় আমাদের হাঁটু ও হিপ জয়েন্ট যে পরিমাণ চাপ সহ্য করে, তার তুলনায় পায়ের ওপর পা তুলে বসার চাপ খুবই কম। তাই অল্প সময়ের জন্য এভাবে বসলে জয়েন্টের স্থায়ী কোনও ক্ষতি হয় না। সাধারণত শিরা ফুলে যাওয়ার সমস্যা বা ভেরিকোজ ভেইনস-এর জন্য অনেকেই ক্রস লেগ পজিশনকে দায়ী করেন। তবে চিকিৎসকদের মতে, এই সমস্যার মূল কারণ হল শিরার ভালভ ঠিকমতো কাজ না করা। এর পেছনে মূলত বয়স, বংশগতি, স্থূলতা, গর্ভাবস্থা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো কারণগুলো বেশি দায়ী। শুধুমাত্র বসে থাকার ভঙ্গিমা এই রোগ সৃষ্টি করে না।
বিশেষজ্ঞদের মতে, আপনি যেভাবেই বসুন না কেন, দীর্ঘ সময় ধরে একই ভঙ্গিতে বসে থাকবেন না। শরীরের রক্ত সঞ্চালন সচল রাখতে এবং পেশির উপর ক্রমাগত চাপ কমাতে মাঝেমধ্যেই বসার পজিশন বদলানো প্রয়োজন। কাজ চলাকালীন অল্প বিরতি নিয়ে একটু হেঁটে নিন।
- বিষয় :
- পায়ের যত্ন
