ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গরমে মাথার ত্বকে চুলকানি বেড়েছে? সমাধান জানুন 

গরমে মাথার ত্বকে চুলকানি বেড়েছে? সমাধান জানুন 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১১:৪৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১১:৪৭

বাইরে বের হলেই গরমে শরীর ঘেমে যাচ্ছে। তপ্ত রোদে শরীরের সাথে সাথে ঘামছে মাথার ত্বক বা স্ক্যাল্পও। কিছুক্ষণ রোদে থাকলেই শুরু হচ্ছে মাথায় চুলকানি, জ্বালাপোড়া ভাব। এর সঙ্গে যুক্ত হয় বাইরের ধুলোবালি আর দূষণ। সব কিছু মিলিয়ে চুলের গোড়ায় রীতিমতো সংক্রমণের সৃষ্টি হচ্ছে। অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে মাথায় ছোট ছোট ফুসকুড়িও দেখা দেয়। এ ধরনের সমস্যা দূর করতে ঘরোয়া সমাধান বেছে নিতে পারেন। যেমন-

অ্যালোভেরা জেল 

অ্যালোভেরা জেল মাথার ত্বকের জন্য প্রাকৃতিক কুল্যান্ট বা ঠান্ডা রাখার ওষুধ হিসেবে কাজ করে। টাটকা অ্যালোভেরা জেল বের করে নিয়ে ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে সরাসরি চুলে ও মাথার ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুধু জ্বালাপোড়া কমায় না, মাথার ত্বকে পিএইচ ভারসাম্যও ঠিক রাখে।

নিম পাতা

নিম পাতা হলো সেরা প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। গরমে যাদের মাথায় ছোট ছোট ফুসকুড়ি বের হয়, তারা পাতা বাটা সরাসরি ব্যবহার করতে পারেন। আবার চাইলে পানি ফুটিয়ে সেই পানি দিয়েও চুল ধুয়ে নিতে পারেন। এতে সংক্রমণের ভয় অনেকটা কেটে যাবে। 
টক দই

মাথার ত্বককে শান্ত করতে টক দইয়ের জুড়ি নেই। ভালো করে ফেটানো টক দই মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত লাগিয়ে রাখুন। এটি কন্ডিশনারের কাজ করার পাশাপাশি খুশকি দূর করতেও সাহায্য করে। পনেরো মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস ও নারকেল তেল

যদি খুশকির কারণে তীব্র চুলকানি হয় তাহলে লেবুর রস লাগাতে পারেন। লেবুর রস পানির সঙ্গে মিশিয়ে তুলোয় করে মাথার ত্বকে লাগাতে পারেন। তবে মাথার ত্বক খুব শুষ্ক থাকলে লেবুর রসের সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে নেওয়া ভালো। ১০-১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। এতে সংক্রমণের আশঙ্কা কমবে। 

মনে রাখবেন, এই গরমে কড়া কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার না করে মাইল্ড শ্যাম্পু বেছে নেওয়াই ভালো। আর বাইরে বেরোনোর সময় স্কার্ফ বা ছাতা ব্যবহার করলে সরাসরি রোদ থেকে মাথা সুরক্ষিত থাকবে। 

আরও পড়ুন

×