চুলের যত্নে মধু লাগাবেন কীভাবে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১২:০৬ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১২:১৬
কমবেশি সবাই চুল নিয়ে নানা ধরনের সমস্যায় ভোগেন। কখনও রুক্ষতা, কখনও-বা ডগা ফেটে যাওয়া, কখনও আবার অতিরিক্ত চুল ঝরার সমস্যা লেগেই থাকে। চুলের যত্নে নামী ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেও কোনো সমাধান পাওয়া যায় না। সেক্ষেত্রে ঘরোয়া অনেক উপাদান ভালো কাজ করে। এর মধ্যে মধু অন্যতম। এমনিতে ত্বকের যত্ন নিতে মধুর জুড়ি মেলা ভার- একথা সবারই জানা। তবে কেবল ত্বক নয়, চুলের স্বাস্থ্য ফেরাতেও মধু উপকারী। মধুর সঠিক ব্যবহারে চুল হয়ে ওঠে রেশমের মতো নরম ও উজ্জ্বল।
চুলে মধু ব্যবহারে আরও যেসব উপকারিতা মেলে-
চুল পড়া কমায়
স্ক্যাল্প বা মাথার ত্বক সুস্থ না থাকলে চুলের বৃদ্ধি থেমে যায়। তখন চুল ঝরতে শুরু করে। মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। মাথার ত্বকে কোনও সংক্রমণ থাকলে তা দূর করতে সাহায্য করে মধু। শুধু তাই নয়, মধুতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি চুলের বৃদ্ধিতে সহায়ক। খুশকির সমস্যা দূর করতেও মধু দারুণ কার্যকরী। নিয়মিত মধু ব্যবহারে চুল পড়ার সমস্যা কমে। ফলে নতুন চুল গজায় দ্রুত।
চুলের হারানো উজ্জ্বলতা ফেরে
আজকাল দূষণের কারণে অনেকেরই চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। চুলে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে মধুর জুড়ি নেই। মধুতে থাকা ‘গ্লুকোজ অক্সিডেস’নামের একটি উপাদান চুলের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখে। মধু চুলের গোড়া মজবুত করে কিউটিকলকে রক্ষা করে। এর ফলে চুলের আগা ফাটার সমস্যা অনেকটাই কমে।
কীভাবে ব্যবহার করবেন?
চুলে মধু ব্যবহারের বেশ কিছু উপায় রয়েছে।যেমন- হালকা গরম পানিতে কিছুটা মধু মিশিয়ে নিন। এবার সেই পানি দিয়ে মাথার ত্বকে হালকা হাতে ম্যাসাজ করুন। এছাড়া নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে চুলে মাখতে পারেন। শ্যাম্পু করার আগে মধু ও টক দই একসঙ্গে ফেটিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এই হেয়ার মাস্ক চুলে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে চুল হয়ে উঠবে ঝলমলে।
- বিষয় :
- মধু
