বয়স ৩০ এর পর স্কিনকেয়ার নাকি ডায়েটে জোর দেওয়া জরুরি?
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৯:১৮
বয়স বাড়লে এর প্রভাব ত্বক ও চুলে পড়ে। পড়ে শরীর-স্বাস্থ্যেও। বিশেষ করে বয়স ৩০ এর পর ঘুমের সমস্যা, স্ট্রেস, পুষ্টি ও হাইড্রেশনের অভাব, হরমোনাল ইমব্যালান্সের মতো বিভিন্ন সমস্যায় ভোগেন অনেকে। এর ক্ষতিকর প্রভাব পড়ে ত্বক ও চুলে। তাই অধিকাংশরা ত্বকের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়েন।
ভারতীয় গণমাধ্যম 'এই সময়'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে ত্বকের তারুণ্য ফেরাতে অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের উপরই যে জোর দিতে হবে, এমন নিয়ম নেই। বরং, ত্বক ও চুলের সমস্যা বাড়লে নজর দিন ডায়েটে।
পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন
সার্বিক সুস্থতার জন্য তো বটেই, চুল ও ত্বকের গঠনেও প্রোটিনের ভূমিকা অপরিসীম। প্রোটিনের ঘাটতি থাকলে চুল পড়ে, ত্বকের ক্ষত সারে না, কোলাজেন গঠন কমে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, দই, পনির, ডাল, মুরগির মাংস ইত্যাদি রাখা উচিত।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে। এটি গ্রহণ করলে কোলাজেন ক্ষতিগ্রস্ত হয় না এবং চুলের ফলিকলও দুর্বল হয়ে পড়ে না। খুশকি তাড়াতে, ব্রণ কমাতে এবং ত্বকের কোমলতা ধরে রাখতে ওমেগা-৩ জরুরি। আখরোট, ফ্ল্যাক্সসিডস, চিয়া সিডস এবং মাছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে।
ভিটামিন সি
শরীরে কোলাজেন গঠনে প্রধান ভূমিকা পালন করে ভিটামিন সি। এটি চুলের গঠন ঠিক রাখে এবং ত্বকের কোমলতা বজায় রাখে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। তবে ভিটামিন সি সিরাম মাখার বদলে আমলকি, লেবু, কমলালেবু, ক্যাপসিকাম ইত্যাদি খেলে বেশি উপকার পাবেন।
আয়রন ও ফোলেট
চুল ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা রাখে আয়রন ও ফোলেট। এগুলো চুল পড়া কমায় এবং নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফেরায়। এমনকি নখও ভালো রাখে। বিভিন্ন ধরনের শাকপাতা, বিটরুট, বেদানা, সব রকমের ডাল, কুমড়োর দানা ইত্যাদিতে পর্যাপ্ত আয়রন ও ফোলেট থাকে।
- বিষয় :
- ডায়েট
