গরমে ঘামাচি-চুলকানি কমছে না? নিমপাতা ব্যবহার করবেন যেভাবে
নিম পাতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১১:৪২
গরমে অনেকের শরীরেই ঘামাচি, র্যাশ, ব্রণ, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। কেউ কেউ এসব সমস্যা কমাতে দামি বডিওয়াশ বা ট্যালকম পাউডার ব্যবহার করেন। কেউ আবার ব্রণের সমস্যা কমাতে নিয়মিত সিরাম, জেল মাখেন। তার পরও কমে না সমস্যা। গ্রীষ্মকালে ত্বকের সমস্যা দূর করতে এসব প্রসাধনীর পরিবর্তে নিমপাতা ব্যবহার করতে পারেন। একাধিক গবেষণায় দেখা গেছে, নিমের মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের সংক্রমণ রোধ করতে সাহায্য করে। এর ফলে ঘামাচি, চুলকানি, ব্রণ, র্যাশের মতো সমস্যা দূর হয। ত্বকের সংক্রমণ দূর করতে কীভাবে নিমপাতা ব্যবহার করবেন তা জানানো হয়েছে ‘এই সময়ে’র এক প্রতিবেদনে।
নিম পানিতে গোসল
যারা ত্বকের নানা ধরনের সমস্যায় ভুগছেন তারা গোসলে নিম পাতা ব্যবহার করতে পারেন। এক মুঠো তাজা নিমপাতা ২ গ্লাস পানিতে ফুটিয়ে নিন। তারপরে ওই পানি ছেঁকে নিয়ে গোসলের পানিতে মিশিয়ে নিন। এটি ঘামাচি দূর করবে এবং ত্বককে শীতল রাখবে। যাদের পিঠ ও বুকে ব্রণ হয়, তারাও নিম পানিতে গোসল করলে উপকার পাবেন।
নিম ও হলুদের মাস্ক
আর্দ্রতা বাড়লে ত্বকে তেল নিঃসরণ বেড়ে যায়। এই সময়ে প্রসাধনী কম ব্যবহার করে ঘরোয়া উপাদানে ভরসা রাখতে পারেন। নিমপাতা বেটে নিন। এর সঙ্গে এক চিমটে হলুদ ও গোলাপ জল মিশিয়ে নিন। এই মাস্ক ব্রণ এবং অতিরিক্ত তেল দূর করে দেয়। তবে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে। নিয়মিত ১৫ মিনিট করে এই মাস্ক লাগিয়ে রাখলে ত্বক সতেজ দেখাবে।
অ্যালোভেরা ও নিম
রোদে ত্বক পুড়ে লাল হয়ে গেলে বা ত্বকে জ্বালা ভাব বাড়লেও নিমপাতা ব্যবহার করতে পারেন। তাজা নিম পাতা থেঁতো করে তার সঙ্গে ঠান্ডা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এটি ত্বকে লাগালে জ্বালা ভাব কমবে। এই মিশ্রণটি ত্বকের ক্ষত সারাতেও বেশ কার্যকর।
নিমের চা
শরীরে টক্সিন জমে থাকলে ত্বকে তার উপসর্গ প্রকাশ পায়। ব্রণর সমস্যা দূর করতে হলে তাজা নিম পাতা ফুটিয়ে পান করুন। এই পানীয় রক্ত পরিশোধন করতে এবং লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। স্বাদ তিতকুটে হলেও, শরীর ভেতর থেকে সুস্থ রাখতে এটি খুবই কার্যকর।
ত্বকের যত্নে নিম তেল
খুশকি, উকুন দূর করতে অনেকেই নিম তেল ব্যবহার করেন। মশার কামড় থেকে বাঁচতে ত্বকেও নিম তেল মাখতে পারেন। নারকেল তেল বা বাদাম তেলের সঙ্গে কোল্ড-প্রেসড নিম তেল মিশিয়ে ব্যবহার করা বেশ উপকারী। এই তেলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
- বিষয় :
- নিম পাতা
