ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কোন বালিশ কতদিন ব্যবহার করা উচিত?

কোন বালিশ কতদিন ব্যবহার করা উচিত?
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১৩:৩১

আমরা এক বালিশ দিয়েই বছরের পর বছর কাটিয়ে দিই। এটি ঠিক নয়। কেননা যে বালিশে ঘুমানো হয় সেখানে ঘাম, ময়লা জমে থাকে। সেই ধুলো-ময়লা শ্বাসের মাধ্যমে ফুসফুসেও যায়। তা থেকেই ত্বকে সংক্রমণ হতে পারে। এমনটাই বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম 'আনন্দবাজার পত্রিকা'র একটি প্রতিবেদনে। 

বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে বালিশ নরম হয়ে যায়। নরম বালিশে শুলে মাথা-ঘাড়ের অবস্থাও ঠিক থাকে না। তা ছাড়া, দিনের পর দিন ত্বকে লেগে থাকা ময়লা, ঘামও তাতে লাগতে থাকে। ফলে একটা সময় আসে, যখন সেই বালিশ বদলে ফেলার প্রয়োজন হয়। অন্তত নির্দিষ্ট সময় পর বালিশ বদলানো উচিত। তবে একেক ধরনের বালিশ একেক রকম উপকরণ দিয়ে তৈরি হয়। পলিয়েস্টার থেকে তুলা, মেমরি ফোম ইত্যাদি বিভিন্ন উপাদানের বালিশের মেয়াদও ভিন্ন। 

পলিয়েস্টার বালিশ: পলিয়েস্টার বালিশ বেশ নরম ও আরামদায়ক। তবে কৃত্রিম তন্তু দিয়ে তৈরি এই বালিশ ৬ মাস থেকে ২ বছরের বেশি ব্যবহার না করা ভালো। বালিশে কভার ব্যবহার করে কিংবা না কতটা পরিচ্ছন্নভাবে ব্যবহৃত হচ্ছে, তার ওপরও স্থায়িত্ব নির্ভর করে। খুব বেশি হলে ৩ বছর পর্যন্ত তা ব্যবহার করা যায়। কারণ, বার বার ব্যবহারে কৃত্রিম তন্তু সরে যায় বা আলগা হয়ে যায়। ঘাড় থেকে মাথা রাখার পরে বালিশ আরামদায়ক বোধ হচ্ছে কি না, বুঝে নেওয়া প্রয়োজন। যদি না হয়, বুঝতে হবে, বদলানো প্রয়োজন। 

পালকের বালিশ: বিভিন্ন পাখির পালক ব্যবহার করে এটি তৈরি হয়। ভালো মানের বালিশের দামও যথেষ্ট। অত্যন্ত নরম, আরামদায়ক। পালকের বালিশের মেয়াদ একটু বেশি। বছর ৫-১০ অনায়াসে ব্যবহার করা যায়। যেহেতু এখানে কৃত্রিম তন্তুর ব্যবহার হয় না, তাই এর স্থায়িত্ব বেশি। 

মেমরি ফোম বালিশ: বিভিন্ন ধরনের বালিশের মধ্যে মেমরি ফোম বালিশও জনপ্রিয়তা অর্জন করেছে। ঘুমের সময়ে ঘাড়, কাঁধের অবস্থান সঠিক রাখতে এই ধরনের বালিশ বেশ কার্যকর। সাধারণ বালিশের তুলনায় এগুলোর স্থায়িত্ব বেশি। অল্প কয়েক দিন ব্যবহারে বেশি নরম হয়ে যায় না, চ্যাপ্টা হয়ে যায় না। এই বালিশ মোটামুটি ৫ বছর ব্যবহার করা যায়।

শিমুল তুলার বালিশ: অত্যন্ত নরম ও প্রাকৃতিক হওয়ায় এই বালিশই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই বালিশ ২-৩ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। তবে তুলা দলা পাকিয়ে গেলে বা তুলো থেকে বীজ আলাদা হয়ে গেলে বালিশ বদলে ফেলা উচিত। 

আরও পড়ুন

×