বৃষ্টির জমে থাকা পানিতে পায়ে সংক্রমণ হলে কী করবেন?
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৫:৫৩
দিনভর বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগ বেড়েছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে হাঁটলে পায়ের সংক্রমণ বাড়তে পারে। দীর্ঘক্ষণ ভেজা জুতা-মোজা পরে থাকলেও ছত্রাকের সংক্রমণ বাড়ে। পায়ে লালচে র্যাশ বের হয়। তাতে আঙুলের ভাঁজে ভাঁজে চুলকানি বা ঘা হতে পারে। তাই বাইরে থেকে ফিরে সঠিক উপায়ে পায়ের যত্ন নিতে হবে।
কীভাবে পায়ের যত্ন নেবেন?
জীবাণু ধ্বংস করার অনুঘটক হিসেবে কাজ করে লবণ। তাই বাড়ি ফিরেই গরম পানিতে লবণ মিশিয়ে তাতে মিনিট দশেক পা ডুবিয়ে রাখুন। এরপর পা ঘষে মৃতকোষগুলো দূর করুন। হয়ে গেলে পা ধুয়ে নিন। তোয়ালে দিয়ে শুকনো করে পা মুছে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের তলায় নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। এতে শুষ্ক ত্বক মোলায়েম হবে।
পায়ের মাস্ক
বর্ষায় পায়ের খেয়াল রাখতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যম 'আনন্দবাজার পত্রিকা'র একটি প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে পায়ের সংক্রমণ এড়াতে চারকোল মাস্ক বেশ ভালো কাজ করে। চারকোল ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে। এ ছাড়া ভিটামিন সি মাস্কও পায়ের ত্বকে ব্যবহারের জন্য কার্যকরী। কফি মাস্কও পায়ের জন্য সমান উপকারী।
বর্ষাকালে পা থেকে বেশি দুর্গন্ধ বের হয়। সেই সমস্যা কমাবে কর্পূর ও ট্যালকম পাউডার। মোজা পরার আগে পায়ে ভালো করে ট্যালকম পাউডার মেখে নিন। পাউডারের সঙ্গে সামান্য কর্পূর মিশিয়ে নিতে পারেন। গন্ধ দূর হবে। টি ট্রি অয়েলের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে পায়ে মালিশ করলেও সংক্রমণ দূর হবে।
বর্ষায় পায়ের র্যাশ কমাবে নিম ও হলুদের প্যাক। এক মুঠো নিম পাতা এবং এক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে বেটে ঘন পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি পায়ে এবং বিশেষ করে আঙুলের ফাঁকে ভালো করে লাগিয়ে রাখুন। ২০-৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
- বিষয় :
- পায়ের যত্ন