ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?
ঘি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১২:০৫
রান্নায় স্বাদ বাড়াতে ঘি’য়ের জুড়ি নেই। এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। অনেকের ধারণা, ঘি খেলে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বেড়ে যায়। এটি হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিমিত পরিমাণে ঘি খাওয়া অধিকাংশ সুস্থ মানুষের শরীরের জন্য উপকারী।
‘টিভি নাইনে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘিতে ভিটামিন এ, ডি, ই এবং কে-এর মতো চর্বিতে দ্রবণীয় একাধিক উপকারী ভিটামিন রয়েছে। এর পাশাপাশি ঘিতে ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও বেশ উচ্চ মাত্রায় থাকে। 'দ্য আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন'-এর একটি গবেষণায় ঘিকে স্যাচুরেটেড ফ্যাটের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ঘিতে থাকা উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট অতিরিক্ত পরিমাণে খেলে তা খারাপ কোলেস্টেরল বাড়াতে পারে। রক্তে এই খারাপ কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তা দীর্ঘমেয়াদে হৃদরোগের বড় কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে চিকিৎসকরা ঘি খাওয়ার পরিমাণের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
পুষ্টিবিদদের মতে, সারাদিনের মোট স্যাচুরেটেড ফ্যাট গ্রহণের পরিমাণ যদি একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তাহলে ঘি খাওয়া নিরাপদ। অল্প পরিমাণ ঘি খাওয়া প্রতিদিনের সুষম খাদ্যাভ্যাসের একটি চমৎকার এবং স্বাস্থ্যকর অংশ হয়ে উঠতেই পারে। এ কারণে খাদ্যতালিকা থেকে ঘি সম্পূর্ণ বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শরীরের কোলেস্টেরলের ভারসাম্য ঠিক রাখতে স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে আনস্যাচুরেটেড ফ্যাট বা অসম্পৃক্ত চর্বি গ্রহণ করা উচিত। খাদ্যতালিকায় অলিভ অয়েল, বাদাম, বিভিন্ন ধরনের বীজ কিংবা মাছের মতো উপাদান রাখলে তা হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। এর ফলে শরীরের ফ্যাট মেটাবলিজমও দারুণভাবে উন্নত হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরিমিত জীবনযাপনের পাশাপাশি মাঝে মাঝে খাবারে অল্প পরিমাণ ঘি ব্যবহার করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থাকে না। তবে ঘি খাওয়ার ক্ষেত্রে নিজের শারীরিক অবস্থা বুঝে এবং প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।
- বিষয় :
- কোলেস্টেরল