টবেই ড্রাগন চাষের উপায় জেনে নিন
ড্রাগন গাছ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১২:৪৬
অনেকেই স্বাদের কারণে ড্রাগন ফল খেতে পছন্দ করেন। ক্যাকটাস গোত্রের এই ফলটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই স্বাস্থ্যগুণেও প্রচুর। সঠিক নিয়ম জানলে খুব সহজেই আপনার বাড়ির ছাদ কিংবা বারান্দার টবেই ড্রাগন ফল ফলাতে পারবেন।
ড্রাগন ফল ক্যাকটাস জাতীয় গাছ হলেও এর শিকড় চারদিকে ছড়ায় এবং গাছটি বেশ ভারী হয়। এ কারণে এই গাছ লাগানোর জন্য হাফ ড্রাম বা কমপক্ষে ১৬ থেকে ২০ ইঞ্চির টব বা মাটির গামলা বেছে নেওয়া ভালো। টবের নিচে যেন অবশ্যই ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর চারা কেনার সময়ও ভালো নার্সারি থেকে উন্নত জাতের (যেমন লাল বা গোলাপী ড্রাগন) কাটিং থেকে তৈরি চারা সংগ্রহ করুন। মনে রাখবেন, বীজ থেকে গাছ হলে ফল আসতে অনেক বছর সময় লেগে যায়। অন্যদিকে কাটিংয়ের চারা থেকে এক বছরের মধ্যেই ফল পাওয়া সম্ভব।
ড্রাগন গাছের জন্য হালকা বেলে-দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। এতে পানি জমে থাকে না।
মাটি তৈরির সহজ অনুপাত
সাধারণ বাগানের মাটি: ৪০ শতাংশ, জৈব সার বা গোবর সার/ভার্মিকম্পোস্ট: ৪০ শতাংশ, সাদা বালি (পানি নিষ্কাশন ভালো করার জন্য): ১০ শতাংশ,কোকোপিট, সামান্য হাড়ের গুঁড়ো ও নিমখোল ১০ শতাংশ।সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে টবে ভরে চারা রোপণ করুন। মনে রাখবেন, ড্রাগন গাছে পানির প্রয়োজন কম হলেও প্রচুর পুষ্টির দরকার হয়।
ড্রাগন গাছ একটু লতানো ক্যাকটাস জাতীয় গাছ, এ কারণে কিছুটা বড় হলেই গাছটি নিজের ভার ধরে রাখতে পারে না। এ কারণে এই গাছ লাগানোর সময়ই টবের মাঝখানে একটি শক্ত কাঠ বা পিভিসি পাইপ পুঁতে দিতে হবে। গাছ একটু বড় হগলে আলতো করে দড়ি দিয়ে ওই পাইপের সঙ্গে বেঁধে দিতে হবে। ক্যাকটাস গোত্রের গাছ হওয়ায় ড্রাগন গাছ প্রচুর রোদ পছন্দ করে। ছাদ বা বারান্দার এমন জায়গায় টবটি রাখুন যেখানে দিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা সরাসরি কড়া রোদ পায়। রোদ যত ভালো পাবে, ফলের মিষ্টি ও আকার তত ভালো হবে। টবের মাটি শুকিয়ে গেলে তাহলেই পানি দেবেন। অতিরিক্ত পানি দিলে গোড়া পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। গাছের প্রধান ডালটি মাচার ওপর উঠে যাওয়ার পর ডগাটি কেটে দিন, তাহলে চারপাশ থেকে নতুন অনেক ডাল বের হতে পারে। ডাল যত বেশি ঝুলে পড়বে, ফুল ও ফল ধরার সম্ভাবনা তত বাড়বে।
বছরে অন্তত তিনবার (বর্ষার আগে, বর্ষার পরে এবং শীতের শেষে) টবের মাটি সামান্য খুঁচিয়ে গোবর সার, হাড়ের গুঁড়ো এবং অল্প পরিমমাণে পটাস সার দিন। সাধারণত চারা লাগানোর ১২ থেকে ১৮ মাসের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে। মে থেকে নভেম্বর মাস পর্যন্ত ড্রাগন গাছের ফলনের মৌসুম শুরু হয়। ফুল ফোটার মাত্র ৩০ থেকে ৩৫ দিনের মধ্যেই ফল পেকে যায়। সূত্র: টিভি নাইন
- বিষয় :
- বাগান