ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্টিল না আ্যালুমিনিয়াম, কোন পাত্রে রান্না করা নিরাপদ?  

স্টিল না আ্যালুমিনিয়াম, কোন পাত্রে রান্না করা নিরাপদ?  
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৩:১২

কোন পাত্রে খাবার রান্না করছেন, সেটি আদৌ স্বাস্থ্যসম্মত কিনা তা ভেবে দেখেছেন? রান্নার পাত্র শুধু খাবার তৈরির একটি উপকরণ নয়, খাবারের নিরাপত্তা ও গুণগত মানের সঙ্গেও জড়িত। বর্তমানে অধিকাংশ মানুষ খাবার রান্নায় অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করেন। এই দুই ধরনের পাত্রের সুবিধার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

অ্যালুমিনিয়ামের পাত্র খুব দ্রুত গরম হয় এবং তাপ সমানভাবে ছড়িয়ে দেয়। ফলে রান্না কম সময়ে সম্পন্ন হয় এবং জ্বালানির ব্যবহারও তুলনামূলক কম হয়। এ ধরনের পাত্র হালকা ও দামেও সাশ্রয়ী হওয়ায় অনেক পরিবারে এটি জনপ্রিয়। তবে সাধারণ অ্যালুমিনিয়ামের পাত্রে টমেটো, লেবু, তেঁতুল বা ভিনেগারের মতো অম্লীয় খাবার রান্না করলে সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম খাবারে মিশে যেতে পারে। যদিও সুস্থ মানুষের ক্ষেত্রে স্বল্পমাত্রার এই সংস্পর্শ সাধারণত ক্ষতিকর নয়, তবুও বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে এ ধরনের খাবার সাধারণ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না বা সংরক্ষণ না করার পরামর্শ দেন।

পুষ্টিগত দিক থেকে অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিলের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। খাবারের ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদান মূলত রান্নার সময়, তাপমাত্রা এবং রান্নার পদ্ধতির উপর নির্ভর করে। অর্থাৎ একইভাবে রান্না করলে উভয় ধরনের পাত্রেই খাবারের পুষ্টিগুণ প্রায় একই থাকে।

ভারতের পুষ্টিবিদ অরবিন্দা স্ব জানিয়েছেন, পুষ্টিগত দিক থেকে অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিলের মধ্যে বড় পার্থক্য নেই। রান্নার পাত্র হিসেবে স্টেইনলেস স্টিল সাধারণত অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি নিরাপদ ও টেকসই। স্টিলের পাত্র খাবারের সাথে বিক্রিয়া করে না এবং দীর্ঘস্থায়ী হয়, অন্যদিকে অ্যালুমিনিয়াম হালকা ও দ্রুত গরম হলেও টক জাতীয় খাবারের সাথে বিক্রিয়া করতে পারে।

তিনি জানান, স্বাস্থ্যগত নিরাপত্তা, দীর্ঘস্থায়ী ব্যবহার এবং রাসায়নিক স্থিতিশীলতার কারণে স্টেইনলেস স্টিলের পাত্র বেশি উপযোগী। তবে অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের পাত্রও নিরাপদ এবং কার্যকরী বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তাই দৈনন্দিন রান্নার জন্য ভালো মানের স্টেইনলেস স্টিল বা অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের কুকওয়্যার বেছে নেওয়াই সবচেয়ে ভালো। সূত্র: নিউজ১৮

আরও পড়ুন

×