ডাবের পানি কতক্ষণ সতেজ থাকে? সংরক্ষণের টিপস
ডাবের পানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১২:০৪
ডাবের পানি ইলেক্ট্রোলাইট, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের একটি প্রাকৃতিক উৎস। এটি শরীরকে সতেজ রাখার অন্যতম স্বাস্থ্যকর পানীয়। কিন্তু একবার ডাব কাটা হলে এর সতেজতা বেশিক্ষণ থাকে না। ডাবের পানি কতক্ষণ পর্যন্ত পানের জন্য নিরাপদ এবং এটি সংরক্ষণের উপায় জানানো হয়েছে ‘নিউজ এইট্টিনে’র এক প্রতিবেদনে।
যত তাড়াতাড়ি সম্ভব পান করুন
ডাব কাটার পর সঙ্গে সঙ্গে পানি পান করাই সবচেয়ে ভালো। ঘরের স্বাভাবিক তাপমাত্রায়, বিশেষ করে গরম আবহাওয়ায়, এটি ২ থেকে ৪ ঘণ্টার মধ্যেই সতেজতা হারাতে শুরু করতে পারে। যত তাড়াতাড়ি পান করবেন, এর স্বাদ ও পুষ্টিগুণ তত ভালো থাকবে।
ডাবের পানি কি ফ্রিজে রাখা যায়?
ডাবের পানি ফ্রিজে রাখা যায় তবে খুব বেশিক্ষণ রাখা ঠিক নয়। পরে খেতে চাইলে ডাবের পানি একটি পরিষ্কার, বায়ুরোধী পাত্রে ঢেলে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজে রাখুন। এটি ফ্রিজে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সতেজ থাকতে পারে, তবে সেরা স্বাদ ও পুষ্টির জন্য ২৪ ঘণ্টার মধ্যে পান করার চেষ্টা করুন।
ডাবের পানি সতেজ রাখার টিপস
একটি পরিষ্কার, বায়ুরোধী পাত্র ব্যবহার করুন। পানি বের করার সাথে সাথেই ফ্রিজে রাখুন। তাপ এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। বারবার পাত্র খোলা এড়িয়ে চলুন। পান করার আগে সবসময় গন্ধ এবং স্বাদ পরীক্ষা করে নিন।
ডাবের পানি বেশিদিন সংরক্ষণ করতে চাইলে
এটিকে ফুড-গ্রেড কন্টেইনার বা আইস কিউব ট্রেতে জমিয়ে রাখুন। এটি ফ্রিজারে ১ থেকে ২ মাস পর্যন্ত ভালো থাকতে পারে। পান করার আগে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে গলিয়ে নিন। মনে রাখবেন , হিমায়িত করলে এর স্বাদ এবং পুষ্টিগুণ সামান্য পরিবর্তিত হতে পারে।
স্বাদ লক্ষ্য লাখুন
সংরক্ষণের পর ডাবের পানি খাওয়ার সময় যদি টক স্বাদ লাগে বা অস্বাভাবিক গন্ধ পান,না ঝাঁকানো সত্ত্বেও ফেনা বা বুদবুদ তৈরি হয়, পানিতে ঘোলাটে ভাব দেখা যায় তাহলে এটি পান না করাই ভালো। কারণ নষ্ট ডাবের পানি থেকে খাদ্যবাহিত অসুস্থতা হতে পারে।
- বিষয় :
- ডাবের পানি