কীটনাশক মেশানো সবজি চেনার উপায়
সবজি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১২:০৪
আজকাল প্রায় সব ধরনের খাবারে ফরমানিন, কীটনাশক মেশানো হচ্ছে। কীটনাশকযুক্ত সবজি প্রতিনিয়ত আমাদের শরীরে মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বাজারের চকচকে সবজির আড়ালে বিষযুক্ত সবজি চেনার কিছু সহজ উপায় রয়েছে। ‘নিউজ নাইনে’র এক প্রতিবেদনে জানানো হয়েছে এমনই কিছু কৌশলের কথা।
অধিকাংশ মানুষই বাজারে গিয়ে একটু খুঁত থাকা বা পোকায় খাওয়া সবজি কিনতে চান না। অথচ কৃষি বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সবজিতেই রাসায়নিক প্রয়োগ সবচেয়ে কম হয়। এ কারণে খুব বেশি নিখুঁত সবজি না কিনে সাধারণ চেহারার সবজি কেনাই ভালো।
যারা নিয়মিত বাজার করেন লক্ষ্য করলে দেখবেন, অনেক পটল বা কাঁচা মরিচের রং অস্বাভাবিক রকমের সবুজ। এই ধরনের সবজিতে ম্যালাকাইট গ্রিন নামের মারাত্মক এক ধরনের রাসায়নিক মেশানো হয় যা শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ কারণে অতিরিক্ত উজ্জ্বল বা গাঢ় রঙের সবজি না কেনাই ভালো।
সবজিতে কীটনাশকের উপস্থিতি বোঝার আরও একটি সহজ উপায় হচ্ছে গন্ধ। যদি কোনও সবজি থেকে স্বাভাবিক গন্ধের বদলে ওষুধের মতো গন্ধ বেরোয়, তবে তা এড়িয়ে চলুন। কারণ অতিরিক্ত স্প্রে করার ফলেই সবজির থেকে এ ধরনের গন্ধ বের হয়।
আজকাল অসময়েও বাজারে ফুলকপিসহ অন্যান্য সবজি মেলে। এ ধরনের সবজিতে কৃষকরা বাধ্য হয়ে প্রচুর রাসায়নিক ব্যবহার করেন। তাই সুস্থ থাকতে সব সময় মৌসুমি সবজি খাওয়ার অভ্যাস তৈরি করুন।
যেভাবে সবজি পরিষ্কার করবেন-
শুধু পানি দিয়ে ধুলে সবজির থেকে বিষ দূর হবে না। এক গামলা পানিতে ১ চা চামচ বেকিং সোডা দিয়ে সবজিগুলো ১৫ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন।
বেকিং সোডা না থাকল হালকা গরম পানিতে ভিনেগার বা লবণ মিশিয়ে ধুলেও কীটনাশকের প্রভাব অনেকটা কমে যায়।
সবজি খোসা ছাড়িয়ে খেলেও পরিষ্কার করাটা জরুরি। মনে রাখবেন, দেখতে খারাপ হলেও প্রাকৃতিক সবজিই শরীরের জন্য সবচেয়ে নিরাপদ। তাই বাইরের চকচকে ভাব দেখে ভুল সবজি না কিনে সঠিক সবজি চেনার কৌশল অনুসরণ করুন।