কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে চোখের নিরাপত্তায় যেসব বিষয় জরুরি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৬:১৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১৬:৪২
চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স এখন বেশ জনপ্রিয়। আবার অনেকেই সাজসজ্জার জন্যও রঙিন লেন্স ব্যবহার করেন। তবে সঠিক পরিচ্ছন্নতা ও যত্ন ছাড়া কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে চোখে সংক্রমণ, অস্বস্তি, কর্নিয়ার ক্ষতসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই লেন্স ব্যবহারে কিছু বিষয় মেনে চলা জরুরি।
লেন্স ধরার আগে হাত পরিষ্কার করুন
কন্ট্যাক্ট লেন্স পরা বা খোলার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে শুকিয়ে নিতে হবে। অপরিষ্কার হাতে লেন্স ধরলে ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্যান্য জীবাণু চোখে পৌঁছে সংক্রমণ ঘটাতে পারে। হাত শুকানোর জন্য পরিষ্কার ও আঁশমুক্ত তোয়ালে ব্যবহার করা ভালো।
নির্ধারিত সময়ের বেশি লেন্স ব্যবহার নয়
প্রতিটি কন্ট্যাক্ট লেন্সের নির্দিষ্ট ব্যবহারের সময় থাকে। ডেইলি ডিসপোজেবল লেন্স একদিনের বেশি ব্যবহার করা উচিত নয়। পুনর্ব্যবহারযোগ্য লেন্সও নির্ধারিত সময় অনুযায়ী পরিবর্তন করতে হবে। বেশি দিন ব্যবহার করলে লেন্সে জীবাণু ও প্রোটিনের আস্তরণ জমে চোখের ক্ষতি করতে পারে।
লেন্স পরে ঘুমানো এড়িয়ে চলুন
চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমানো উচিত নয়। এতে কর্নিয়ায় অক্সিজেনের সরবরাহ কমে যায় এবং চোখের সংক্রমণ, প্রদাহ ও কর্নিয়ায় ক্ষত হওয়ার ঝুঁকি বাড়ে।
পানি দিয়ে লেন্স পরিষ্কার নয়
কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার বা সংরক্ষণের জন্য কলের পানি ব্যবহার করা উচিত নয়। সুইমিং পুল, হ্রদ বা হট টাবের পানির সংস্পর্শেও লেন্স রাখা ঝুঁকিপূর্ণ। সাঁতার কাটার আগে লেন্স খুলে ফেলা নিরাপদ।
লেন্সের সলিউশন নিয়ম মেনে ব্যবহার করুন
প্রতিবার লেন্স সংরক্ষণের সময় নতুন সলিউশন ব্যবহার করতে হবে। পুরোনো সলিউশনের ওপর নতুন সলিউশন ঢেলে ব্যবহার করা ঠিক নয়। লেন্স পরিষ্কারের ক্ষেত্রে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী ‘রাব অ্যান্ড রিন্স’ পদ্ধতি অনুসরণ করা উচিত।
লেন্সের কেস পরিষ্কার রাখুন
কন্ট্যাক্ট লেন্সের কেসে জীবাণু জমতে পারে। তাই নিয়মিত কেস পরিষ্কার করা এবং নির্দিষ্ট সময় পর নতুন কেস ব্যবহার করা জরুরি। লেন্সের খাপ অপরিষ্কার থাকলে সেখান থেকেও চোখে সংক্রমণ ছড়াতে পারে।
চোখের সতর্ক সংকেত উপেক্ষা নয়
কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের পর চোখ লাল হওয়া, ব্যথা, জ্বালাপোড়া, অতিরিক্ত পানি পড়া, ঝাপসা দেখা, আলোতে অস্বস্তি বা চোখ থেকে পুঁজের মতো পদার্থ বের হলে লেন্স খুলে ফেলতে হবে। এসব উপসর্গ থাকলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
অন্যের সঙ্গে লেন্স ভাগ নয়
কন্ট্যাক্ট লেন্স ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী। অন্যের সঙ্গে লেন্স ভাগ করে ব্যবহার করলে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। সাজসজ্জার জন্য ব্যবহৃত রঙিন লেন্সের ক্ষেত্রেও একই সতর্কতা প্রযোজ্য।
চোখকে লেন্সমুক্ত সময় দিন
দীর্ঘ সময় একটানা কন্ট্যাক্ট লেন্স পরে না থেকে দিনের কিছুটা সময় চোখকে লেন্সমুক্ত রাখা ভালো। প্রয়োজন অনুযায়ী চশমা ও কন্ট্যাক্ট লেন্সের মধ্যে পরিবর্তন করে ব্যবহার করলে চোখের ওপর চাপ কমানো যায়।
কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের আগে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং নিজের চোখের জন্য উপযুক্ত লেন্স নির্বাচন করাই সবচেয়ে নিরাপদ। নিয়ম মেনে ব্যবহার করলে কন্ট্যাক্ট লেন্স যেমন দৃষ্টিশক্তি সংশোধনে সহায়ক হতে পারে, তেমনি অসতর্ক ব্যবহার চোখের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: এনডিটিভি
- বিষয় :
- চোখ
- নিরাপত্তা
- কন্ট্যাক্ট লেন্স