যে ৫ শারীরিক সমস্যায় পেয়ারা খাওয়া ঠিক নয়
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৪:৫৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৫:০১
পেয়ারা পুষ্টিগুণে ভরপুর ফল। এটি বেশ সহজলভ্য, দামেও সাশ্রয়ী। এ ফলের অনেক উপকারিতা রয়েছে। রয়েছে অপকারিতাও। বিশেষ করে বিভিন্ন অসুখে আক্রান্তদের কিংবা বিভিন্ন শারীরিক সমস্যা থাকলে পেয়ারা এড়িয়ে চলা উচিত।
পেয়ারার উপকারিতা
পেয়ারায় ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডায়রিয়া, মাসিকের ব্যথা, মাড়ির রোগ, উচ্চ রক্তচাপ, হাঁটুর ব্যথা, হৃদরোগ, স্থূলতা এবং এমনকি ত্বক ও চুলের জন্যও উপকারী। পেয়ারায় ভিটামিন এ এবং ই রয়েছে, যা চোখের জন্যও উপকারী বলে মনে করা হয়। এছাড়াও, এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট লাইকোপেন শরীরকে ক্যানসার এবং টিউমারের ঝুঁকি থেকে রক্ষা করে। পেয়ারায় বিটা ক্যারোটিনও রয়েছে, যা শরীরকে ত্বক-সম্পর্কিত রোগ থেকে রক্ষা করে। পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা অন্ত্রের জন্য উপকারী এবং মলত্যাগে সহায়তা করে।
যাদের জন্য ক্ষতিকর
কাদের অতিরিক্ত পেয়ারা খাওয়া ঠিক নয় তা জানিয়েছেন ভারতের জেহানাবাদের হোমিওপ্যাথ বিশেষজ্ঞ আমির আনওয়ার। তিনি জানান, অতিরিক্ত পেয়ারা খেলে পরিপাকতন্ত্রের রোগ ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) হতে পারে। এর লক্ষণগুলো হলো পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়া। কিছু মানুষের পেয়ারা থেকে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে চুলকানি, ফোলাভাব বা শ্বাসকষ্ট অন্যত্ম। তাই যাদের ফলের অ্যালার্জি আছে, তাদের পেয়ারা খাওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
পেয়ারায় প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা হৃৎপিণ্ড এবং মাংসপেশীর কার্যকারিতা উন্নত করে। নিউজ১৮-এর একটি প্রতিবেদন অনুসারে, কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত পটাশিয়াম হজম করতে অসুবিধা হতে পারে। তাই, যাদের কিডনির সমস্যা আছে, তাদের অতিরিক্ত পেয়ারা খাওয়া থেকে বিরত থাকা উচিত।
গর্ভবতী নারী বা স্তন্যদানকারী নারীদের সতর্কতার সঙ্গে পেয়ারা খাওয়া উচিত। গর্ভবতী নারীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে পেয়ারা পাতার চা বা পেয়ারা ফল খাওয়া উচিত।
যদি কেউ অনেক দিন ধরে সর্দি বা কাশিতে ভোগেন, তাহলে পেয়ারা কম খাওয়াই ভালো। কারণ পেয়ারার শীতল প্রভাব রয়েছে যা থেকে সর্দি হতে পারে। এছাড়া, পেয়ারা রক্তে শর্করার মাত্রা কমায়, তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত পেয়ারা খাওয়া উচিত নয়।
- বিষয় :
- পেয়ারা