চালের ড্রামে পোকা ধরেছে? সমাধান মিলবে যেভাবে
চালে পোকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩১
অনেকেই বাজার থেকে একসাথে একটু বেশি করেই চাল কেনেন। পরিষ্কার চাল কেনার পর সযত্নে সেগুলো ড্রামে ভরে রাখা হয়। কিন্তু কয়েকদিন পরে হঠাৎ চাল বের করতে গিয়ে দেখেন, চালের মধ্যে পোকা ধরেছে। এ পরিস্থিতিতে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়েন।
সাধারণত কোনোভাবে যদি চালের কৌটো বা ড্রামে এক-দুইটা পোকা ঢুকে পড়ে, তাহলে সেগুলো সেখানেই বংশবিস্তার করতে থাকে। অতিরিক্ত আর্দ্রতার কারণেই সাধারণত খাদ্যশস্যে পোকা জন্মায় এবং কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকে। আর ঠিক এই কারণেই বৃষ্টির দিনে চাল, ডালের মতো দানাশস্যে পোকার আনাগোনা বেড়ে যায় । কিন্তু চালের পোকা তাড়ানোর জন্য ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করা যায় না। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও বায়ো-কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রশান্ত বিশ্বাসের মতে ,খাদ্যশস্যের পোকা দূর করতে ঘরোয়া উপায়ের উপরই ভরসা করাই উত্তম। যেমন-
শুকনো মরিচ: চাল-ডালের কৌটোতে কয়েকটা শুকনো মরিচ রেখে দিতে পারেন। মরিচের ঝাঁঝে খাবারে পোকা ধরে না। শুধু বর্ষা নয়, সারা বছর এই পদ্ধতি কাজে লাগালেই চাল-ডালে আর পোকা ধরবে না।
নিমপাতা: নিমপাতাও পোকা তাড়াতে বেশ কার্যকর। নিমপাতার একটা শুকনো ডাল কৌটোর ভিতর রেখে দিন। নিমপাতার গন্ধ পোকারা সহ্য করতে পারে না।
অন্যান্য পদ্ধতি : ধ্যাপক প্রশান্ত বিশ্বাস বলেন, খাদ্যশস্যের পোকা তাড়াতে সিলিকা জেল ব্যবহার করতে পারেন। আজকাল জুতোর বাক্সে, ব্যাগের ভিতর ছোট্ট কাগজে সিলিকা জেল মুড়ে রাখা থাকে। এই সিলিকা জেল খাবারের কৌটোতেও দিয়ে রাখা যায়। এগুলো একেবারে নিরাপদ। সিলিকা জেল অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। এর ফলে খাবারে পোকা বা ফাঙ্গাস জন্মায় না।
কোন কোন খাবারের কৌটোতে সিলিকা জেল রাখা যায়?
অধ্যাপক প্রশান্ত বিশ্বাসের ভাষায় ‘যে কোনও শুকনো খাবারের কৌটোর ভিতরেই এই উপাদান রাখা যায়। যদি বিস্কুট বা স্ন্যাকস মিইয়ে যায়, সেই সব কৌটোতেও সিলিকা জেলের একটি ছোট্ট প্যাকেট রাখতে পারেন।’ যদি কোনও কারণে সিলিকা জেলের প্যাকেট ভিজে যায়, সে ক্ষেত্রে দ্রুত তা বদলে ফেলতে হবে। তা হলেই দ্রুত সমাধান মিলবে। সূত্র : এই সময়
- বিষয় :
- ঘরোয়া সমাধান