গরম ভাত-ডালে লেবু চিপে খাওয়া কতটা পুষ্টিকর
লেবু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২০
খাবারের স্বাদ বাড়াতে অনেকেই পাতে লেবু খান। কেউ কেউ শরীরে বাড়তি 'ভিটামিন সি' পেতে প্রতিদিন পাতে লেবু রাখেন। কিন্তু গরম ডাল বা ভাতের মধ্যে লেবুর রস চিপে খেলে কি আদৌ সেই ভিটামিন সি পেটে পৌঁছায়? এ নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
পুষ্টিবিজ্ঞানীদের মতে, ভিটামিন সি অত্যন্ত সংবেদনশীল একটি পুষ্টি উপাদান। অতিরিক্ত তাপের সংস্পর্শে এলেই ভিটামিন সি-র রাসায়নিক গঠন ভেঙে যায় এবং পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়।
‘টিভি নাইনে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ধোঁয়া ওঠা গরম ডাল কিংবা ভাতে লেবু চিপে খেলে উচ্চ উষ্ণতার কারণে লেবুর রসে থাকা ভিটামিন সি-র বড় অংশই নিমেষে ধ্বংস হয়ে যায়। এর ফলে লেবুর গন্ধ ও স্বাদ পেলেও শরীরে প্রয়োজন অনুযায়ী ভিটামিন সি প্রবেশ করতে পারে না।
ডালভাত থেকে লেবুর আসল পুষ্টিগুণ পেতে হলে কিছু সাধারণ নিয়ম মেনে চলা জরুরি। যেমন-ধোঁয়া ওঠা গরম ডালে বা ভাতে কখনোই লেবুর রস দেবেন না।
খাবার প্লেটে খাবার বাড়ার পর কিছুটা গরম কমলে লেবু চিপে খেলে তা সবচেয়ে কার্যকর হবে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে,অনেকেই ডাল রান্নার সময় হাঁড়িতেই লেবুর রস দেন। এটি ভুল পদ্ধতি। এতে ভিটামিন সি নষ্ট হয়, আবার ডাল তিতকুটে হয়ে যেতে পারে। ডালভাতের সঙ্গে লেবু খাওয়ার পাশাপাশি সালাদ (যেমন শসা, টমেটো, পেঁয়াজ)-এর ওপর লেবুর রস ছড়িয়ে খেলে ভিটামিন সি পুরোপুরি বজায় থাকে। এ কারণে ডালভাতে লেবু চিপে খেলে ভিটামিন সি অবশ্যই মিলবে, তবে খাবার যেন ধোঁয়া ওঠা ফুটন্ত বা গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
- বিষয় :
- লেবু