অতিরিক্ত যত্ন কি চুল পড়ার সমস্যা বাড়িয়ে দিতে পারে?
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৬:৪৮
চুলের যত্ন বলতে সাধারণত স্বাস্থ্যকর ও মজবুত চুলের কথাই বোঝায়। কিন্তু ভারতীয় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. ময়াঙ্ক সিং-এর মতে, অতিরিক্ত যত্ন অনেক সময় সেই চুলকেই ক্ষতিগ্রস্ত করতে পারে।
ডা. সিং জানান, তিনি নিয়মিত দুই ধরনের রোগীর দেখা পান—একদল যারা চুলের জন্য খুব কম যত্ন নেন এবং অন্যদল যারা রুটিনের ক্ষেত্রে বাড়াবাড়ি রকমের পদক্ষেপ নেন। দ্বিতীয় দলের রোগীরা প্রায়ই প্রচুর পরিমাণে সিরাম ও নানা ধরনের প্রসাধনী ব্যবহারের পর অবাক হয়ে ভাবেন কেন তাদের চুল পাতলা হয়ে যাচ্ছে।
তিনি ব্যাখ্যা করেন, সমস্যাটি মূলত একই রুটিনে অনেকগুলো কারণে হতে পারে। ঘন ঘন শ্যাম্পু করা, লিভ-ইন কন্ডিশনার, স্ক্যাল্প স্ক্রাব, বায়োটিন সাপ্লিমেন্ট, হিট স্টাইলিং এবং আঁটসাঁট হেয়ারস্টাইল—এগুলোর প্রতিটি হয়তো আলাদাভাবে সামলানো সম্ভব, কিন্তু একসঙ্গে অনেকগুলো পদ্ধতি প্রয়োগ করলে মাথার ত্বকের প্রাকৃতিক তেল বা আর্দ্রতা হারিয়ে যেতে পারে, ফলিকলে জ্বালা সৃষ্টি হতে পারে এবং প্রদাহ বা ইনফ্লামেশন দেখা দিতে পারে, যা চুল পড়ার হার বাড়িয়ে দেয়।
অতিরিক্ত চুল ধোয়া অন্যতম বড় সমস্যা হতে পারে
ডা. সিং অতিরিক্ত চুল ধোয়াকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন, বিশেষ করে যখন মানুষ সালফেট-যুক্ত শ্যাম্পু ব্যবহার করেন।
প্রতিদিন চুল ধোয়ার ফলে মাথার ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়তে পারে। বিশেষজ্ঞের মতে, এর ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে মাথার ত্বক এবং চুলের গোড়া বা ফলিকলগুলো স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ পায় না। তখন গজানো চুল শক্তভাবে আটকে থাকার পরিবর্তে সহজে ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
এর মানে এই নয় যে শ্যাম্পু করা ক্ষতিকর। মূল সমস্যাটি হলো অতিরিক্ত ধোয়া এবং এমন সব রুটিন বা অভ্যাস যা মাথার ত্বককে সবসময় সংবেদনশীল করে তোলে অথবা এর প্রাকৃতিক তেল বা আর্দ্রতা কেড়ে নেয়।
আঁটসাঁট চুলের স্টাইল ফলিকলের ক্ষতি করতে পারে
আঁটসাঁট পনিটেল, খোঁপা এবং হেয়ার এক্সটেনশন ব্যবহারের ফলে ভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ডা. সিংয়ের মতে, ক্রমাগত টানের ফলে চুলের গোড়ার কাছের ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মতে, যারা নিয়মিত চুল খুব শক্ত করে বেঁধে রাখেন, তাদের ক্ষেত্রে চুলকে মাঝে মাঝে বিশ্রাম দেওয়াটা ফলিকলের ওপর ক্রমাগত চাপ কমানোর একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
কখনও কখনও কম যত্ন নেওয়াই হতে পারে সঠিক সমাধান
ডা. সিং-এর পরামর্শ হলো, একের পর এক নতুন পণ্য বা চিকিৎসা পদ্ধতি যোগ না করে বরং রুটিনটিকে সহজ রাখা। তিনি সম্ভব হলে কম ঘনঘন চুল ধোয়া, অধিকাংশ দিন 'হিট স্টাইলিং' (গরম যন্ত্রের সাহায্যে চুলের স্টাইল করা) এড়িয়ে চলা এবং সপ্তাহে কয়েক দিন আঁটসাঁট চুলের স্টাইল থেকে বিরত থাকার পরামর্শ দেন। এছাড়া নিয়মিত কতগুলো পণ্য ব্যবহার করা হচ্ছে, সেদিকেও নজর দিতে বলেন। যদি নিয়মিত ব্যবহারের তালিকায় দুই-তিনটির বেশি পণ্য থাকে, তবে সেগুলো সত্যিই কোনো উপকার করছে নাকি মাথার ত্বক ও চুলের ক্ষতি করছে—তা নিয়ে একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগের পরামর্শও দেন তিনি। সূত্র: ইন্ডিয়া টিভি
- বিষয় :
- চুলের যত্ন