চাল ধোয়া পানি দিয়ে বাড়িতেই তৈরি করুন ফেস সিরাম
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:০৮
ত্বকের যত্নে ফেস সিরাম গুরুত্বপূর্ণ। অনেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাজারে পাওয়া প্রসাধনী ব্যবহার করেন। কেউ কেউ আবার দোকান থেকে কেনা পণ্যের চেয়ে ঘরোয়া উপায় বা প্রাকৃতিক প্রতিকার বেশি পছন্দ করেন । যারা ঘরোয়া উপাদান পছন্দ করেন তারা ঘরেই বানাতে পারেন ফেস সিরাম ।
ফেস সিরাম এমন এক ধরনের হালকা তরল বা জেল-ভিত্তিক একটি ফর্মুলা, যা ত্বকের গভীরে প্রবেশ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে । যেভাবে ফেস সিরাম তৈরি করতে পারেন-
উপকরণ: চাল সিদ্ধ করা পানি, ১ চা চামচ অ্যালোভেরা জেল,১টি ভিটামিন ই ক্যাপসুল, ২-৩ ফোঁটা গোলাপজল
প্রস্তুত প্রণালী
সিরামটি তৈরির জন্য প্রথমে চাল ভালো করে ধুয়ে নিন। ২-৩ কাপ পানিতে ১-২ ঘণ্টা ভিজিয়ে রাখুন । এরপর চালটি সেদ্ধ করে নিন। সেখান থেকে ১-২ টেবিল চামচ মাড় (চালের পানি) সংগ্রহ করুন । মাড়টি ব্যবহারের আগে পুরোপুরি ঠান্ডা হতে দিন । চাইলে চাল সেদ্ধ করার পর পানি ছেঁকে আলাদা একটি পাত্রে সংগ্রহ করতে পারেন ।
চাল ধোয়া বা সেদ্ধ করা এই পানির সঙ্গে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন । জেলটি ভালোভাবে মিশে গেলে এতে ২-৩ ফোঁটা গোলাপজল এবং১ টি ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের অংশটুকু যোগ করুন । সবকিছু ভালোভাবে মিশিয়ে একটি ছোট কাঁচের বোতলে সিরামটি সংরক্ষণ করুন । সিরামটি ফ্রিজে রাখুন। ঘরে তৈরি এই সিরাম ৫- ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে ।
ত্বকের যত্নে চালের পানির উপকারিতা
চালের পানি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। এটি ত্বক টানটান রাখতে সহায়তা করে । এর প্রদাহরোধী গুণাবলি ত্বককে ব্রণ ও লালচে ভাব থেকে রক্ষা করতে সাহায্য করে । এছাড়া,চালের পানি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। ভালো ফল পেতে ফেস সিরাম রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করা ভালো। সূত্র: ইটিভিভারত
- বিষয় :
- ত্বকের যত্ন