ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে দর্শকের মুখোমুখি হচ্ছেন ফেরদৌসী মজুমদার

অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে দর্শকের মুখোমুখি হচ্ছেন ফেরদৌসী মজুমদার
×

ফেরদৌসী মজুমদার

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৪:০৩

বাংলাদেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে বিশেষ আয়োজন করছে নাট্যদল অনুস্বর।  ‘ফিরে দেখা: অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তাঁর দীর্ঘ অভিনয়জীবন, মঞ্চনাটকের অভিজ্ঞতা, শিল্পচর্চা এবং ব্যক্তিগত জীবনপথ নিয়ে দর্শক-নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

আগামী ২৫ জুলাই শনিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম পথিকৃৎ ফেরদৌসী মজুমদার দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

দেশের নাট্যআন্দোলন, সাংস্কৃতিক বিকাশ এবং অভিনয়শিল্পের প্রসারে তাঁর অবদান বিশেষভাবে স্বীকৃত। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

ফেরদৌসী মজুমদার বলেন, ‘অভিনয় আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি আমার জীবনযাপন। মঞ্চ আমাকে মানুষকে জানতে, সমাজকে বুঝতে এবং নিজেকে বারবার আবিষ্কার করতে শিখিয়েছে। নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ সবসময়ই আমাকে আনন্দ দেয়।’

তিনি আরও বলেন, ‘নাটক মানুষের মানবিক বোধ জাগ্রত করে। প্রযুক্তির এই সময়ে মঞ্চনাটকের আবেদন কমে যায়নি; বরং নতুন প্রজন্মের অংশগ্রহণই এর ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’

অনুস্বর জানায়, প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী উপলক্ষে ২০২২ সালে ‘অনুস্বর সংলাপ’ আয়োজনের সূচনা হয়। প্রথম আয়োজনে অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। এরপর ধারাবাহিকভাবে দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের নিয়ে এই সংলাপের আয়োজন করে আসছে সংগঠনটি।

ফেরদৌসী মজুমদারকে নিয়ে এবারের সংলাপও নাট্যপ্রেমী ও তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় আসর হয়ে উঠবে। –এমন প্রত্যাশা আয়োজকদের।

আরও পড়ুন

×