ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিকশনারিতে নতুন শব্দ ‘স্কিবিডি’ ও ‘ট্র্যাডওয়াইফ’ এর অর্থ কী

ডিকশনারিতে নতুন শব্দ ‘স্কিবিডি’ ও ‘ট্র্যাডওয়াইফ’ এর অর্থ কী
×

কেমব্রিজ ডিকশনারিতে চলতি বছর ছয় হাজারের বেশি নতুন শব্দ যোগ করা হয়েছে। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ১৫:২৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ | ২০:০৬

কেমব্রিজ ডিকশনারিতে চলতি বছর কয়েক হাজার নতুন শব্দ যোগ করা হয়েছে। কিন্তু বেশি আলোচনায় আছে দুটি শব্দ ‘স্কিবিডি’ ও ‘ট্র্যাডওয়াইফ’। মূলত, সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয় ও নিয়মিত চর্চার কারণে এ দুটি শব্দকে ডিকশনারিতে যুক্ত করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ।

স্কিবিডি শব্দটি নেওয়া হয়েছে ইউটিউবে ভাইরাল একটি এনিমেটেড ভিডিও থেকে। আর ট্র্যাডওয়াইফ হলো একজন সাধারণ গৃহবধূর পরিচয় প্রকাশের সংক্ষিপ্ত রূপ, যিনি রান্না করা, ঘর ধোয়া মোছার মতো কাজের পাশাপাশি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ডিকশনারিতে স্কিবিডি সম্পর্কে বলা হয়েছে, এটি এমন একটি শব্দ যেটি বিভিন্ন অর্থ বহন করতে পারে। যেমন, ‘কুল’ বা ‘খারাপ’। আবার কোনো অর্থ না বুঝিয়ে শুধু রসিকতার জন্যও এ শব্দ ব্যবহার করা যেতে পারে। ‘তুমি কী করছো?’- এটি ইংরেজিতে বলার সময়ও স্কিবিডি শব্দ ব্যবহার করা যাবে। যেমন, ‘হোয়াট দ্য স্কিবিড আর ইউ ডুয়িং?’। এখানে স্কিবিডি শব্দ আসলে কোনো অর্থ বহন করে না।

নতুন শব্দের পাশাপাশি প্রচলিত কিছু শব্দের সংক্ষিপ্ত রূপও ডিকশনারিতে যোগ করা হয়েছে। যেমন, ডিলিউশনাল (মতিভ্রুম) শব্দকে সংক্ষেপে ডেলুলু বলা যাবে। তরুণ-তরুণীদের মধ্যে প্রায়ই ‘ব্রো’ শব্দটি ব্যবহারের প্রবণতা আছে। যখন এই ‘ব্রো’দের কোনো দলকে বোঝানো হবে তখন ‘ব্রোলিগার্কি’ শব্দ বলা যাবে। এটি ব্রো এবং অলিগার্কি (শাসক গোষ্ঠী) শব্দের মিশ্রণ।

বিবিসি বলছে, ব্রোলিগার্কি শব্দের ধারণা এসেছে প্রযুক্তিখাতে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের দল থেকে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, স্পেস এক্সের মালিক ইলন মাস্ক ও মেটার সিইও মার্ক জাকারবার্গ হাজির হয়েছিলেন। তখন তাদের দল বোঝাতে ‘ব্রোলিগার্কি’ শব্দ ব্যবহার হয়েছিল।

আরও পড়ুন

×