দেড় হাজার ক্রেডিট কার্ডের এই মালিক বিনামূল্যে কেনেন ফ্লাইট টিকিট
ভারতীয় নাগরিক মানীশ ধামেজা। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৮:২৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ১৮:৪০
ব্যাংকের ক্রেডিট কার্ড যাদের আছে, তারা অধিকাংশ সময়ই কেনাকাটা বা বিল পরিশোধের জন্য এটি ব্যবহার করেন। কিন্তু মানীশ ধামেজার গল্পটা এর বিপরীত। তিনি ক্রেডিট কার্ডের প্রচলিত ব্যবহার ছাপিয়ে উল্টো ‘আয়ের’ উৎস বানিয়েছেন।
ভারতীয় নাগরিক মানীশের কাছে বৈধ ক্রেডিট কার্ড আছে ১ হাজার ৬৩৮টি। বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মানীশ এগুলো ব্যবহার করেন রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক, ভ্রমণ ও হোটেল প্রিভিলেজ সুবিধার জন্য। ব্যাংকে তাঁর কোনও ঋণও নেই।
এত সংখ্যক কার্ডের মালিক হওয়ায় ২০২১ সালের ৩০ এপ্রিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে মানীশের। তাঁর গল্প প্রমাণ করে খরচের জন্য তৈরি একটি মাধ্যম কৌশলে ব্যবহার করলে ‘স্মার্ট আয়ের হাতিয়ারে’ পরিণত করা যায়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে মানীশ বলেছিলেন, ক্রেডিট কার্ড ছাড়া তাঁর জীবন অনেকটা অসম্পূর্ণ। মাইলস্টোন অর্জন, রিওয়ার্ড পয়েন্ট ও ক্যাশব্যাক ব্যবহার করে তিনি বিনামূল্যে ভ্রমণ, রেলওয়ে ও এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার করতে পারেন। রিওয়ার্ড পয়েন্ট দিয়ে কিনতে পারেন অভ্যন্তরীণ ফ্লাইট ও সিনেমার টিকিট।
২০১৬ সালে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করে ভারত সরকার। মানীশ বলেন, ‘তখন অনেকে নগদ অর্থ উত্তোলনের জন্য এটিএম বুথের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি সে ঝামেলায় যাইনি। ডিজিটাল মাধ্যমে লেনদেন করেছি। ওই সময়ে ক্রেডিট কার্ড আমার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।’
শিক্ষাজীবনেও মানীশ একাধিক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। তিনি কানপুরের সিএসজেএম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পড়েছেন। তাঁর এই যাত্রা দেখায়, যখন প্রযুক্তি ও অর্থকে পরিকল্পিত উপায়ে ব্যবহার করা যায় তখন সাধারণ কিছুও অসাধারণ হতে পারে।
