ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্দোলন

নিউমার্কেট এলাকার মানুষ আর কত ভুগবে? 

নিউমার্কেট এলাকার মানুষ আর কত ভুগবে? 
×

স্বাতন্ত্র্য রক্ষাসহ পাঁচ দফা দাবিতে বুধবার সড়ক অবরোধ করেন ইডেন কলেজ শিক্ষার্থীরা

মাহফুজুর রহমান মানিক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৭:৫৮

ঢাকার নিউমার্কেট এলাকা বুধবার সকালের পর থেকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির হয়ে আছে। এর মধ্যে দুই পক্ষের দুই দাবি। ঢাকা কলেজসহ সাত কলেজের কিছু শিক্ষার্থী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করছে। স্বতন্ত্র্য রক্ষার দাবিতে সড়কে নেমেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষার আশঙ্কা, বিভাগ বিলুপ্তির সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের নারীবান্ধব পরিচয় ক্ষুণ্ন হওয়ার উদ্বেগ থেকে সড়ক অবরোধ করা হয়েছে।

তবে সংকটের মূলে আছে সাত কলেজ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে এসব কলেজ মুক্ত হয়। কলেজগুলোর শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি ছিল। ইতোমধ্যে ইউজিসি সাত কলেজকে বিলুপ্ত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি খসড়া অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে দেখা যাচ্ছে, তারা সব কলেজ মিলে একটি বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব করেছে। যেখানে কলেজগুলোর নাম হবে একেকটা স্কুল হিসেবে। ইডেন কলেজের এখনকার মতো স্বাতন্ত্র্য আর থাকবে না, এখানে ছেলেমেয়ে সবারই একসঙ্গে শ্রেণি কার্যক্রম চলবে।

এ অধ্যাদেশ প্রকাশের পর থেকেই দুই পক্ষ দাঁড়িয়ে গেছে। শিক্ষার্থীদের একটি পক্ষ প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চায়। আরেকটি পক্ষ চায় আগের মতো কলেজগুলো থাকুক। বিশেষ করে এর শিক্ষকরা কোনোভাবেই কলেজগুলোকে বিলুপ্ত হোক তা চান না। তারা মনে করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে পারে। কিন্তু কলেজগুলো তার অধিভুক্ত হোক। ব্যক্তিগতভাবে আমিও মনে করি, শিক্ষার সংকোচনসহ নানা সংকট বিবেচনায় স্কুল কাঠামোর পরিবর্তে এখনকার মতোই কলেজগুলো অধিভুক্ত হোক। 

সরকার ইতোমধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিষয়ে অংশীজনের মতামত নিয়েছেন। সবার স্বার্থ বিবেচনায় নিশ্চয়ই তারা যথাযথ ব্যবস্থা নেবেন। সরকারের সিদ্ধান্ত দ্রুততর করার জন্যই এখন আন্দোলন হচ্ছে। গতকাল আমরা দেখেছি, ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও সায়েন্সল্যাব এলাকা অবরোধ করে দাবি জানিয়েছেন, কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় থাকে। অর্থাৎ সাতটি কলেজের বিদ্যমান কাঠামো ঠিক রেখে একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে সেগুলো পরিচালনা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন যেমন সরকারি সব কলেজ পরিচালিত হচ্ছে, একই নিয়মে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত হলে সাতটি কলেজ পরিচালনা সহজ হবে বলে আমি মনে করি। সরকারকে উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এভাবে নিউমার্কেট এলাকার মানুষ আর কত ভুক্তভোগী হবে। 

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
[email protected]

আরও পড়ুন

×