সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে মন্ত্রী-হুইপ স্পিকারের উষ্মা
জাতীয় সংসদ ভবন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৬ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২০
| প্রিন্ট সংস্করণ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে একাধিক হুইপকে রাখা এবং প্রতিমন্ত্রীকে কমিটির সদস্য পদ দেওয়া নিয়ে সংসদের বৈঠকেই উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কমিটির সভাপতি হবেন বেসরকারি সদস্য এবং মন্ত্রী পদে যারা আছেন তারা সংশ্লিষ্ট কমিটির সদস্য থাকবেন। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে চিফ হুইপকে অনুরোধ জানান স্পিকার।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠন করেন। এরপর স্পিকার এই মন্তব্য করেন।
মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সংসদের সরকারদলীয় চার হুইপকে চারটি সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।
এদের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাপতি করা হয়েছে হুইপ রকিবুল ইসলাম বকুলকে; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতি করা হয়েছে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাপতি করা হয়েছে হুইপ আখতারুজ্জামান মিয়াকে এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাপতি করা হয়েছে হুইপ জি কে গউছকে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য পদ দেওয়া হয়েছে। রীতি অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য থাকেন, অন্যসব কমিটিতে তাদের সাধারণত রাখা হয় না।
চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলেন, কমিটি গঠনের স্পিরিট হলো কমিটির সভাপতি হবেন বেসরকারি সদস্য অর্থাৎ এমপিরা। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কয়েকটি মন্ত্রণালয়ের সদস্য পদে প্রতিমন্ত্রী, হুইপ– এ ধরনের উচ্চপদস্থ এবং সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো বাধা নেই। কিন্তু সংসদের প্রথা হলো বেসরকারি সদস্যরাই সদস্য পদে থাকবেন এবং মন্ত্রীও একজন সদস্য থাকবেন।
পাঁচ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
গতকাল আরও পাঁচ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনির প্রস্তাবে কমিটিগুলো কণ্ঠভোটে পাস হয়।
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক। এর মধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বাকি ৯টি বিষয়ভিত্তিক।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে। তিনি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটিরও সভাপতি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এ কে এম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ আলী আসগার লবিকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এসএম রফিকুল ইসলামকে।
- বিষয় :
- কমিটি
- সংসদীয় কমিটি
- জাতীয় সংসদ
- স্পিকার