ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছবিতে নেপাল

কর্মীরা পেল ব্যাংকের লকার, পানির বোতলটি কার জানা গেল না

কর্মীরা পেল ব্যাংকের লকার, পানির বোতলটি কার জানা গেল না
×

শ্রেণিকক্ষের আসনে কাদা জমা একটি পানির বোতল। রোববার নেপালের ধাদিং জেলায়। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২০:১২

নেপালে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে রোববার শতাধিক ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এর মধ্যে একটি ছবিতে চোখ আটকে যায়। কাদার স্তূপ জমা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আসনের ওপর আটকে আছে পানির বোতল।

ক্যাপশনে এএফপি লিখেছে, ছবিটি তোলা হয়েছে ধাদিং জেলার গালছি শহরের বাগেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় থেকে। ওই বিদ্যালয়ের ভেতরে-বাইরে একাধিক ছবি তুলেছেন আলোকচিত্রী মানন বৎস্যায়ন। তিনি এক সময় কাদা জমা একটি শ্রেণিকক্ষে বোতলটি দেখতে পান।

নেপালে গত বুধবার কর্মদিবস ছিল। প্রবল স্রোতের পাহাড়ি ঢল সেদিন সকাল থেকে দুপুরের মধ্যে আঘাত হানে। বাগেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ে তখন শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এএফপির প্রকাশিত আরেকটি ছবিতে শ্রেণিকক্ষের আসন সমান উচ্চতায় স্রোত প্রবেশের নমুনা দেখা যায়।

ধাদিং জেলার বাগেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ। ছবি: এএফপি

দ্য কাঠমান্ডু পোস্টের রোববারের প্রতিবেদন অনুযায়ী, ভোটেকোশি ও ত্রিশুলি নদীতে সৃষ্ট বন্যায় দেশটির বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৭০০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ধাদিং থেকে উদ্ধার হয়েছে ৫০ জনের মরদেহ। সবচেয়ে বেশি ২৫৯টি পাওয়া গেছে চিতওয়ান জেলায়। এখনও নিখোঁজ আছে আড়াই হাজারের বেশি মানুষ।

অন্য জেলাগুলোর মধ্যে নুয়াকোটে ৫২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার এই জেলার ত্রিশুলি এলাকার একাধিক ছবি প্রকাশ করেছে এএফপি। এর মধ্যে একটিতে কাদার ভেতর দাঁড়িয়ে লকার ভাঙতে দেখা যায় কয়েকজনকে। বার্তা সংস্থাটির বর্ণনা অনুযায়ী, লকারটি একটি ব্যাংকের। নাম উল্লেখ না করা আর্থিক প্রতিষ্ঠানটির কর্মীরা রোববার ব্যাংক থেকে খানিকটা দূরে লকারটি দেখতে পান।

কাদার স্রোতে ভেসে যাওয়া একটি লকারের খোঁজ পান ব্যাংকের কর্মীরা। রোববার ত্রিশুলিতে। ছবি: এএফপি

ক্যাপশনে এএফপি লিখেছে, ব্যাংকটি কাদায় ঢেকে গেছে। রোববার কয়েকজনকর্মী সেই কাদায় টাকা (মূলত, নেপালি রুপি) খোঁজার চেষ্টা করেন। আরেকটি ছবিতে গলায় পরিচয়পত্রসহ একজনকে টাকার বান্ডেল পলিথিন ব্যাগে নিতে দেখা যায়।

ত্রিশুলির আরেকটি ছবিতে দেয়াল ভেঙে ব্যাংকের ভেতর থেকে টাকা ও নথি বের করে আনতে দেখা যায় নেপাল পুলিশের সদস্যদের। আকস্মিক এই বন্যায় নেপালে অবকাঠামোগত ক্ষতির এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। গত শুক্রবার রেড ক্রস জানায়, হিমালয় পর্বতমালার ভূমিধসে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নুয়াকোট জেলার ত্রিশুলি যেন এক বিধ্বস্ত জনপদ। ছবি: এএফপি

ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে বাসিন্দারা। রোববার ধাদিং জেলায়। ছবি: এএফপি

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রয়োজনীয় সরঞ্জাম খোঁজেন বাসিন্দারা। ছবি: এএফপি

উদ্ধার হওয়া ব্যক্তিদের তালিকায় স্বজনদের নাম খোঁজেন পরিবারের সদস্যরা। ছবি: এএফপি

গণকবর তৈরির প্রস্তুতি নেন পুলিশ সদস্যরা। রোববার চিতওয়ানে। ছবি: এএফপি

বন্যায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন। শনিবার কাঠমান্ডুতে। ছবি: এএফপি

আরও পড়ুন

×