ঢাকা-১০ উপনির্বাচন
নির্বাচিত হলে প্রথম দিন থেকেই কাজ শুরু করব: শেখ রবি
শেখ রবিউল আলম রবি -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ১২:৩২
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেন, তিনি এ আসনের স্থানীয় বাসিন্দা। এলাকার জনগণের প্রত্যাশা ও তাদের প্রয়োজন চিহ্নিত করতে পারছেন। এখন সুযোগের অপেক্ষা। নির্বাচনে জনগণ ভোটদানের সুযোগ পেলে তারা আমাকেই তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই তিনি জনগণের জন্য কাজ শুরু করবেন। জাতীয় সংসদে গিয়ে জনগণের প্রত্যাশা পূরণে জোরালা ভূমিকা রাখবেন।
শুক্রবার রাজধানীর ঝিগাতলার গাবতলা মসজিদের সামনে গণসংযোগ-পূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকেদর প্রশ্নের জবাবে শেখ রবি বলেন, নির্বাচিত হলে সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে পদক্ষেপ নেব। কোনো কোনো ক্ষেত্রে তাদের বাধ্য করব।
প্রতিনিয়তই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন অভিযোগ তুলে তিনি বলেন, প্রচারে তিনি ব্যানার-ফেস্টুন ব্যবহার করছেন, মাইক ব্যবহার করছেন। বিধি অনুযায়ী যেখানে প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনী অফিস ব্যবহার করার কথা সেখানে তিনি একাধিক অফিস ব্যবহার করছেন। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।
গাবতলা মসজিদের সামনে থেকে প্রচারপত্র বিলি করে মনেশ্বর রোড, ট্যানারি মোড়, সোনাতনগড় এলাকায় গণসংযোগ শেষে সোনাতনগড় শাহি মসজিদে জুমার নামাজ আদায় করেন শেখ রবি। সেখানে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান। এরপর তিনি মাজার মনেশ্বর রোড হয়ে ঝিগাতলা সরকারি ছয়তলা কোয়ার্টার এলাকা ও এর আশাপাশ এলাকায় গণসংযোগ করেন।
প্রচারের ১৩তম দিনে সমাপনী বক্তেব্যে শেখ রবি বলেন, জনগণ পরিশ্রমের মূল্যায়ন করবে। তারা কেন্দ্রে গিয়ে ভোট দেবে, যা খালেদা জিয়ার মুক্তির পথকে বেগবান করবে।
এ সময় ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, হাজারীবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহসভাপতি আব্দুল জলিল, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা হাবীবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
