সংস্কার প্রক্রিয়ার নিজেরই সংস্কার প্রয়োজন: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৪০
চলমান সংস্কার প্রক্রিয়ার নিজেরই সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এক বছর ধরে সংস্কার প্রক্রিয়া চলমান থাকলেও কোনো ধরনের সমাধানে পৌঁছাতে পারছে না। মূলত কমিশন প্রথাগত পদ্ধতি থেকে বের হতে পারছে না দেখে কোনো সমাধান আসছে না। আমি বিশ্বাস করি, এখানে মতভেদ থাকতে পারে। প্রতিটি মানুষের ভিন্নমত থাকতে পারে। এ বৈচিত্র্যকে ধারণ করতে না পারলে আমি বিশ্বাস করি না যে গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করবে।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিরাপত্তা বিশ্লেষক, জ্বালানি বিশেষজ্ঞ, সাবেক কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
মঈন খান বলেন, শতকরা ৬০-৭০ ভাগ বিষয়ে আমরা ইতোমধ্যে একমত হয়েছি। আর ১০-২০টি বিষয়ে ভিন্নমত থাকতে পারে। আমরা চিন্তিত হবো- যখন দেখবো সব বিষয়ে সব রাজনৈতিক দল ও ১৮ কোটি মানুষ একমত হয়।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আমাদের ওপর জোর করে একটা একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে- বাংলাদেশে সবাইকে একইভাবে চিন্তা করতে হবে। কোনো ভিন্নমত থাকতে পারবে না। আজকেও কি সবাইকে ঐকমত্যে নিয়ে এসে আমরা গণতন্ত্র উদযাপন করব। আমি এ ধারণায় বিশ্বাস করি না।
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের মনস্তত্ব কেমন, সেটা তো জানেন। তারা এক দিকে অধৈর্য, আরেক দিকে ইমোশনাল। এ দুটো জিনিস এক হয়ে গেলে তখন মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেটা হয়েছেও।
- বিষয় :
- ড. মঈন খান
- বিএনপি
- সংস্কার
- অন্তর্বর্তী সরকার
