ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফ্যাসিস্টদের বিরুদ্ধে কী ভূমিকা ছিল, তা মির্জা ফখরুলকে জিজ্ঞেস করুন: চরমোনাই পীর

ফ্যাসিস্টদের বিরুদ্ধে কী ভূমিকা ছিল, তা মির্জা ফখরুলকে জিজ্ঞেস করুন: চরমোনাই পীর
×

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৫৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০৩

‘ইসলামী আন্দোলন ফ্যাসিস্টদের দোসর ছিল’- বিএনপির যুগ্ম মহাসিচব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির এ বক্তব্যের জবাব দিয়েছেন দলটির আমির তথা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি এ্যানির নাম না নিয়ে বলেছেন, ‘বিএনপির এক নেতা আমাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তা শিষ্টাচার বর্হিভূত। তাকে বলব, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কী ভূমিকা, তা মির্জা ফখরুল ইসলাম বা বরকতুল্লাহ বুলুকে জিজ্ঞেস করুন’।

সোমবার রাজধানীর হাজারীবাগে নির্বাচনী গণসমাবেশে এসব কথা বলেন চরমোনাই পীর।

জানা যায়, ইসলামী আন্দোলন ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচন বর্জন করলেও, আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকারগুলোতে অংশ নেয়। বিএনপি, জামায়াতসহ অন্যান্য বিরোধী দল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে হরতাল-অবরোধের কর্মসূচি দিলেও, তাতে ছিল না ইসলামী আন্দোলন। মামলা গ্রেপ্তার গুমের শিকার হননি দলটির নেতাকর্মীরা। এ কারণে ইসলামী আন্দোলনকে বিএনপি নেতা গত কয়েক মাস ধরে ফ্যাসিবাদের দোসর বলছেন।

তবে গত জানুয়ারিতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দফা সই করেন। দলটির সঙ্গে বিএনপির হয়ে যোগাযোগ রাখতেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এজন্য চরমোনাই পীর বলেছেন, ‘ইসলামী আন্দোলনের ভূমিকা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জিজ্ঞেস করুন।’

ইসলামী আন্দোলন নির্বাচনের বিরোধী নয় বলে জানিয়ে চরমোনাই পীর আরও বলেন, ‌বিদ্যমান পদ্ধতির নির্বাচন ডামি ভোট, রাতের ভোট, হাসিনার মতো ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। ব্যর্থ প্রমাণিত এই পদ্ধতি আর নয়, সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই পিআর পদ্ধতিতে নির্বাচন দেন। দাবি স্পষ্ট, জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। নইলে বিপ্লবীদের ফাঁসির আশংকা রয়েছে।
 
গণসমাবেশ থেকে ঢাকা-১০ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে আব্দুল আউয়ালের নাম ঘোষণা করেন চরমোনাই পীর। গণসমাবেশে বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতেয়াজ আলমসহ মহানগর নেতারা। 

আরও পড়ুন

×