ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এনসিপির শাপলা প্রতীকের দাবির নিষ্পত্তি কমিশন সভায়: ইসি সচিব

এনসিপির শাপলা প্রতীকের দাবির নিষ্পত্তি কমিশন সভায়: ইসি সচিব
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ০০:১০

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীকের দাবির বিষয়ে ইসির সভায় সিদ্ধান্ত আসতে পারে। বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির বৈঠক বিষয়ে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বিকেলে আড়াই ঘণ্টা বৈঠক করেন এনসিপির তিন নেতা। পরে শাপলা প্রতীকের দাবি নিয়ে সাংবাদিকদের কাছে ইসির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন প্রতিনিধি দলের নেতা ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

এরপর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে তার কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত আলাদা বৈঠক করেন এনসিপির তিন নেতা।

একই সময়ে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিক কোনো কথা বলেননি কেউ।
 
পরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের আরও বলেন, তাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, শাপলা প্রতীক ইসির তফসিলে নেই। এটা বরাদ্দ দেওয়া যাবে না। ৩০ সেপ্টেম্বর চিঠি দিয়ে লিখিতভাবে জানিয়েছি আমরা। এটা কমিশনের সিদ্ধান্ত বলেই চিঠি দেওয়া হয়েছিল।
 
তিনি বলেন, এখন ইসির কাছে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন তারা। বিকল্প প্রতীক না দিলে ইসি নিজেরা প্রতীক দেবে অথবা কি করবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। সিইসি ও নির্বাচন কমিশনারসহ কমিশন সভা হলে এ সিদ্ধান্ত আসতে পারে।

নিবন্ধন পাচ্ছে এমন দলগুলোর নাম ও প্রতীকসহ নতুন দলের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসবে জানতে চাইলে সচিব বলেন, ‘বিজ্ঞপ্তিটা আরেকটু সময় নেব আমরা। পরীক্ষা নিরীক্ষা করার জন্য কমিটি কাজ করছে।

জাতীয় লীগ নিয়ে আপত্তি
এনসিপির পাশাপাশি বাংলাদেশ জাতীয় লীগ নামে আরেকটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এই দলের নিবন্ধন নিয়ে আপত্তি রয়েছে এনসিপির। যা সিইসির সঙ্গে বৈঠকে তুলে ধরেন এনসিপি নেতারা।
 
পরে এনসিনপির জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জাতীয় লীগ কেন্দ্রীয় অফিসের অস্তিত্ব নেই, দলের কোন গঠনতন্ত্র নেই। ওই দলের যারা নেতা তাদেরকে কেউ চেনে না। মাঠে কোনো কর্মসূচি নাই।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম। যে আপনারা এমন একটি দলের নিবন্ধন দেয়ার ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত নিলেন?… নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে যে তারা এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

প্রবাসী ভোটারদের অ্যাপস চালু হতে দেরি হচ্ছে জানিয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, প্রবাসীরা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা তাগাদা দিয়েছি, চালু হতে দেরি হচ্ছে কেন। এই অ্যাপের ট্রায়াল ও এররের মধ্য দিয়ে যেতে হয়। আমাদের আশঙ্কা হচ্ছে, যে প্রক্রিয়ার দিকে ইসি যাচ্ছে, যেখানে একটা উল্লেখযোগ্য প্রবাসীদের ভোটের বাইরে রাখার একটা পাঁয়তারা চলছে। কমিশন থেকে জানাননো হয়েছে, অ্যাপটি অক্টোবরের মধ্যে তারা চালু করবেন।

ভোটের আগ পর্যন্ত ভোটার করার দাবি জানিয়ে এনপিপির আরেক নেতা খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের জানান, ইসি সিদ্ধান্ত নিয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর বয়সীদের ভোটার নিবন্ধন চলবে। জেন-জি ও তরুণ ভোটারদের কথা ভেবে নির্বাচনের দিন পর্যন্ত ভোটার হওয়ার দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হবে শুধুমাত্র তারাই এই ইলেকশনে ভোট দিতে পারবে– ইসিতে আমরা জানিয়েছি এই সিদ্ধান্তটা গ্রহণযোগ্য না। নির্বাচন যেদিন হবে সেদিনও যাদের বয়স ১৮ বছর হবে তারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন এবং তারা ভোট দিতে পারেন।

আরও পড়ুন

×