বিএনপি কার্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানাল এনসিপি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১৩:০১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ | ১৪:২৩
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গতকাল রোববার দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের ঘটনায় এনসিপি গভীর উদ্বেগ প্রকাশ করছে। এনসিপি মনে করে, সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ; তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।
এনসিপি দাবি করছে— আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে; রাজনৈতিক দলসমূহের কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে।
এছাড়াও বিএনপির প্রতি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানায় এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরণের ঘটনা জনমনে ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করে। আমরা জাহিদুল ইসলাম ও সব নির্যাতিত সাংবাদিকদের পাশে আছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
গণঅভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে নাগরিকদের মত প্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে এনসিপি।
- বিষয় :
- এনসিপি
- সাংবাদিক নির্যাতন
- বিএনপি
