ঢাকা-৫ আসনে শাপলা কলির ফরম নিলেন জুলাই বিপ্লব পরিষদের সাদিল
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১৩:২২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্কা শাপলা কলির কান্ডারী হতে চান জুলাই বিপ্লব পরিষদের স্থায়ী কমিটির সদস্য সাদিল আহমেদ। গত বৃহস্পতিবার রাতে তিনি এনসিপির মনোনয়ন ফরম নিয়েছেন।
গণঅভ্যুত্থানের পর সাদিল আহমেদ প্রথম যাত্রাবাড়ী অঞ্চলের শহীদ ও আহতদের তালিকাবদ্ধ করেন এবং পরবর্তীতে তার সংগঠন শহীদদের স্বরণে বাংলাদেশের প্রথম স্মৃতিফলক উন্মোচন করেন। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী, শনির আখড়া, কাজলা অংশে ছিলেন সরব ভূমিকায়।
সাদিল আহমেদ ঢাকা কলেজ (অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার আগে তিনি স্নাতক ও উচ্চ মাধ্যমিক করেন ঢাকা কলেজ থেকে এবং মাধ্যমিক শেষ করেন যাত্রাবাড়ীর বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
সাদিল আহমেদ সমকালকে জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শহীদ পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পর্ক স্থাপন হয়েছে তার। শহীদ পরিবারের সদস্যরা তার মনোয়নয়নের অর্থ প্রদান করেছেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে কাজ করতে চান সাদিল। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যদের ভালোবাসা ও সমর্থন আমার প্রধান অনুপ্রেরণা। আমি এই অর্থকে দোয়া হিসেবে নিয়েছি।
- বিষয় :
- এনসিপি
- শাপলা কলি
- ফরম সংগ্রহ
